হোম > খেলা > ফুটবল

আর্থিক নিয়ম ভাঙায় হামজার ক্লাবের শাস্তি

ক্রীড়া ডেস্ক    

হামজা চৌধুরীর লেস্টার সিটির ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

আর্থিক নিয়ম ভাঙার শাস্তি পেল হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ ক্লাবটির কাছ থেকে ৬ পয়েন্ট কেটে নিয়েছে। যার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকাতেও।

ইএফএল কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে লেস্টারের ৬ পয়েন্ট কেটে নেওয়ার কথা নিশ্চিত করেছে। ২০২৩-২৪ মৌসুমের আর্থিক টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ৬ পয়েন্ট ইএফএল কেটে নেওয়ায় ১৭ নম্বর থেকে ২০ নম্বরে নেমে গেছে লেস্টার। ৩০ ম্যাচে এখন হামজার দলের পয়েন্ট ৩২। এখন পর্যন্ত দলটি জিতেছে ১০ ম্যাচ। ড্র করেছে ৮ ম্যাচ ও ১২ ম্যাচ হেরে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে দলটির এখন ৩৮ পয়েন্ট হতো। তবে ৬ পয়েন্ট কাটা যাওয়ায় বর্তমানে লেস্টারের পয়েন্ট ৩২।

একটি স্বাধীন কমিশন লেস্টারের টেকসই নীতি ভঙ্গের অভিযোগে ৬ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দিয়েছে বলে গত রাতে জানিয়েছে ইএফএল কর্তৃপক্ষ। কমিশন জানিয়েছে, ২ কোটি ৮ লাখ পাউন্ডের তিন বছরের পিএসআর নীতি ভঙ্গ করেছে লেস্টার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৪৪ কোটি ৭১ লাখ টাকা। তিন বছরের পিএসআরের সময়সীমা ধরা হয়েছে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত। স্বাধীন কমিশনের শাস্তির পর লেস্টার এক বিবৃতিতে বলেছে, ‘প্রিমিয়ার লিগ যে শাস্তি চেয়েছিল, কমিশন পর্যবেক্ষণ করার পর তা অনেক কমানো হয়েছে। তবে সুপারিশটি অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। এই সিদ্ধান্তে হতাশ।’

শাস্তির বিষয়টি পর্যালোচনা করে দেখবে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেস্টার সিটি। ক্লাবটি বলেছে, ‘এখন পুরো সিদ্ধান্তটি পর্যালোচনা করছি। যেকোনো পদক্ষেপ যেন ন্যায্য ও যথাযথ হয়, আলোচনার মাধ্যমে সেটা ঠিক করতে চাই।’ মাঠে কিংবা মাঠের বাইরে কোথাও লেস্টারের অবস্থা সন্তোষজনক নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ২০২৪-২৫ মৌসুমে অবনমন হয়েছে লেস্টারের। এ বছরের জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর কোনো স্থায়ী কোচ পায়নি হামজার ক্লাব।

সিফুয়েন্তেসের পর লেস্টারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি কিং। অবনমন কীভাবে ঠেকানো যায়, সেটাই এখন বড় চিন্তা তাঁর। ব্ল্যাকবার্ন রোভার্স, ওয়েস্ট ব্রম, লেস্টার সিটি—তিন দলেরই সমান ৩২ পয়েন্ট। গোল ব্যবধানের কারণে এগিয়ে লেস্টার। এদিকে হামজার চোট বাড়তি দুশ্চিন্তা লেস্টারের জন্য। শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে হামজা চোট পেয়েছেন। এরপর কোচ অ্যান্ডি জানিয়েছেন, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে হামজার। সেক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও তাঁকে পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর।

মাশরাফিকে রাজশাহীতে নাগরিক সংবর্ধনা

ফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’

আলপির হ্যাটট্রিকে অপরাজিত বাংলাদেশ, ফাইনালে প্রতিপক্ষ ভারত

আরও এক ফাইনালের দরজায় কড়া নাড়ছে বার্সেলোনা

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাবে তো বাংলাদেশ

নেপালে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

জিতলেও বাজে ভুলে বিরক্ত বার্সা কোচ

ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের ১২ গোল

তারকা ফুটবলারের বাসায় চুরির ঘটনা খতিয়ে দেখবে ম্যানচেস্টার সিটি