হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা দুঃখজনক, তারা এবার ভালোই করত’

ক্রীড়া ডেস্ক    

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। ছবি: এএফপি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের থাকার কথা ছিল কলকাতায়। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস, প্রধান কোচ ফিল সিমন্স বা অন্যান্য ক্রিকেটার-কোচদের কেউ না কেউ আসতেন। কিন্তু উপমহাদেশে হতে যাওয়া এই বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।

যে টি-টোয়েন্টি সংস্করণ বাংলাদেশের কাছে এক সময় ছিল জুজু, ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে তারা গত বছর দারুণ খেলেছে। ৩০ ম্যাচ খেলে জিতেছে ১৫ ম্যাচ। হেরেছে ১৪ ম্যাচ ও বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান—এই পাঁচ দলের বিপক্ষে জিতেছে সিরিজ। মঈন আলীর মতে এবারের বিশ্বকাপ খেলতে পারলে বাংলাদেশ দারুণ কিছু করে দেখাত।

সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল বাংলাদেশ-নেপাল ম্যাচ। যে বাংলাদেশ মিরপুরের স্পিনবান্ধব পিচে খেলতে অভ্যস্ত, সেই মিরপুরের কন্ডিশনের সঙ্গে ইডেন গার্ডেনসের কন্ডিশন অনেকটাই মেলে। ক্রিকইনফোতে গত রাতে এক ভিডিওতে মঈন বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপে না খেলার বিষয়টা দুঃখজনক। আমার মতে বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো করত। তারা দারুণ দল ছিল।’

মোস্তাফিজুর রহমানকে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরের দিনই (৪ জানুয়ারি) ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার।বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশের যেভাবে নাম কাটা পড়ল, তা মানতে পারছেন না মঈন। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বলেন, ‘রাজনৈতিক ব্যাপারগুলো অনেক দিন ধরেই ঘটছে। সামনে এসবের সমাধান আসবে বলে আশা করি। সমাধান হওয়া দরকার। কারণ, সেরা দলগুলোকে অবশ্যই বিশ্বকাপে খেলাতে চাইবেন। কোনো দল বিশ্বকাপ থেকে যখন নিজেদের সরিয়ে নেয়, তখন ব্যাপারটা অনেক দুঃখজনক।’

২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকার যে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, সেখান থেকে এক চুলও সরা যাবে না বলে পরশু জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাবে না বলে উল্লেখ করেছেন শেহবাজ। খেলার মধ্যে যেভাবে রাজনীতি ঢুকে গেছে, সেটা দেখে খারাপ লাগছে মঈনের। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বলেন,‘অনেক দেশে এগুলো অনেক বড় ইস্যু। অনেক বড় ঘটনাও ঘটতে পারে এসব কারণে। আশা করি ২-৩ বছরের মধ্যে এর সমাধান বের হবে। ব্যাপারটা দুঃখজনক। তবে এখন আর করার কিছু নেই।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইতালি, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

বিতর্কিত বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ

‘ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থাতেই নেই পাকিস্তান’

সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে লিটনের ধূমকেতুর পতন

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ভারত

পাকিস্তানের বিশ্বকাপের ভেন্যু সাজাতে ৭১ কোটি টাকা খরচ শ্রীলঙ্কার

অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড এখন ভারতের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে

বিশ্বকাপ ফাইনালে ঝোড়ো সেঞ্চুরিতে সূর্যবংশীর ইতিহাস

বিশ্বকাপের আগের দিনই চিন্তা বাড়ল ভারতের

‘বাংলাদেশের নির্বাচনের পর ইউটার্ন নেবে পাকিস্তান’