পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২১ এপ্রিল পর্যন্ত খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু চোটে পড়ায় তাঁর টুর্নামেন্ট শেষ হয়ে গেল আগেভাগেই। এবার বাংলাদেশের তরুণ ক্রিকেটারের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নেওয়া হয়েছে।
ইমনের পরিবর্তে শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কাকে নিয়েছে লাহোর কালান্দার্স। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লাহোর আজ লিখেছে, ‘কালান্দার পরিবারে স্বাগত চারিত আসালাঙ্কা। পারভেজ হোসেন ইমনের পরিবর্তে আমাদের দলে যোগ দিচ্ছেন তিনি। এখন আপনার সময় আসালাঙ্কা। আপনার সেই নির্ভীক পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।’
৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রানেই থেমে যায় তাঁর পিএসএল। যার মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা মুলতান সুলতানসের বিপক্ষে ৩ এপ্রিল ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২ চার ও ৫ ছক্কা মারেন। সেটাই মূলত লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে ফিল্ডিংয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েই টুর্নামেন্ট শেষ হয়ে যায় পিএসএল।
এবার পিএসএলে ৬ বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন। যাঁদের মধ্যে পেশোয়ার জালমির শরীফুল ইসলাম ও নাহিদ রানা বিসিবির কাছ থেকে আরও এক ম্যাচ খেলার অনুমতি পেলেন। তবে একই দলের তানজিদ হাসান তামিম কোনো ম্যাচ না খেলে গত রাতে দেশে ফিরেছেন। তাঁর সঙ্গে ফিরেছেন লাহোর মোস্তাফিজুর রহমান ও ইমন এবং রাওয়ালপিন্ডিজের রিশাদ।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫৯ ম্যাচ খেলেছেন আসালাঙ্কা। নিজের দেশের ঘরোয়া টুর্নামেন্টের বাইরে শুধু সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচে ৩৭ গড় ও ১৫২.০৫ স্ট্রাইকরেটে করেন ১১১ রান। একটা ফিফটিও করেছেন তিনি।