হোম > খেলা > ক্রিকেট

হেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা

ক্রীড়া ডেস্ক    

আর্শদীপ সিং ও তাঁর প্রেমিকা সামরিন কৌর। ছবি: সংগৃহীত।

তারকাজয়ী খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ নতুন কিছু নয়। আর আর্শদীপ সিং এ ধরনের ঘটনার সঙ্গে খুবই পরিচিত। এবার তিনি এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তাতে জড়িয়ে গেছেন তাঁর প্রেমিকা সামরিন কৌরও। নেটিজেনদের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতীয় বাঁহাতি পেসারের প্রেমিকা।

আর্শদীপ ও তাঁর প্রেমিকা সামরিনের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের মুখে পড়ছেন তাঁরা। অবশেষে সামাজিক মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ভারতীয় পেসারের প্রেমিকা। বিরক্ত প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে সামরিন লেখেন, ‘প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাঁকে নিয়ে গর্ব নেই। ভালোবাসা প্রকাশ্যে দেখালে বলা হয়, খ্যাতির জন্য এসব করা হচ্ছে। নিজের মান-সম্মান বজায় রাখলে স্বার্থপর বলা হয়। কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলেও বলা হয়, একদিন তাঁকে ছেড়ে চলে যাব।’

ভারতীয় দলের আন্তর্জাতিক সফরে প্রায়ই অর্শদীপের সঙ্গে দেখা যায় সামরিনকে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। নিজের স্বাবলম্বী জীবনের কথা তুলে ধরে সামরিন জানান, মাত্র ১৭ বছর বয়স থেকে কাজ করছেন তিনি। নিজের আয়ে ২০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। আর্শদীপকে জীবনে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্যে সামরিন বলেন, ‘নিজের জীবন ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার অধিকার রয়েছে। এসব ভালো না লাগলে পেজ থেকে সরে যান।’ বিশেষ করে নারীদের একে অপরকে হেয় করার প্রবণতায় হতাশা প্রকাশ করেন সামরিন। ব্যক্তিগত আক্রমণকারীদের ব্লক করার কথাও জানিয়েছেন ভারতীয় পেসারের প্রেমিকা।

পরে সামরিনের পোস্ট শেয়ার করে তাঁর পাশে দাঁড়িয়েছেন আর্শদীপও। ভারতের বাঁহাতি পেসার লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি সত্যিই অনেক শক্ত মনের মানুষ।’ সমালোচকদের উদ্দেশে ভারতীয় এই পেসার আরও বলেন, ‘আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে যাঁরা অতিরিক্ত চিন্তিত, তাঁদের একটু বিরতি নেওয়া উচিত। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন। ভালোবাসা ছড়িয়ে দিন, সবার প্রতি সদয় আচরণ করুন।’

সামরিনকে জীবনে পাওয়াকে সৃষ্টিকর্তার আশীর্বাদ উল্লেখ করে আর্শদীপ বলেন, ‘ভালোবাসা দেওয়া ও পাওয়ার অনুভূতি মানুষের জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা।’ একই সঙ্গে তাঁদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানানো শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান তিনি।

ভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

এবারও ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

সিরিজ হেরে ওয়ার্নারের কাঠগড়ায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি