সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে কোনো রকম পাত্তা পায়নি ভারত। তাদের ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এইডেন মার্করামের দল। এভাবে হারিয়ে সূর্যকুমার যাদবের দলকে উচিত শিক্ষাই দিয়েছে প্রোটিয়ারা–তেমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর ভারতের একাদশ এবং ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে অক্ষর প্যাটেলের বাদ পড়া নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টের তোপ দাগছেন সাবেক ক্রিকেটাররা। গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন অক্ষর। বাঁ হাতি স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও বেশ কার্যকরী তিনি। তবে ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশনের কথা ভেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাখা হয়নি অক্ষরকে।
অক্ষরকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। ‘মুল্যবান ক্রিকেটার’ আখ্যা পাওয়া অক্ষরের বাদ পড়াই ভারতের জন্য কাল হয়েছে বলে মনে করেন অশ্বিন। সেই সঙ্গে রিংকু সিংয়ের ব্যাটিং পজিশন নিয়েও ভারতীয় ম্যাজেনমেন্টের সমালোচনা করেছেন সাবেক তারকা স্পিনার।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘রিংকুকে আট নম্বরে নামানো হয়েছে। এই দলটাতে আটজন ব্যাটার আছে এবং রিংকু সবার পরে নেমেছে। তাকে তো এই পজিশনে নামানো উচিত হয়নি। ওয়াশিংটনের প্রতি আমার কোনো অসম্মান নেই; সে দারুণ একজন ব্যাটার। তার দক্ষতা সম্পর্ক আমাদের ধারণা আছে। দক্ষিণ আফ্রিকা ভারতকে ভালোই শিক্ষা দিয়েছে। প্রস্তুতি না থাকলে দয়া করে খেলতে আসার দরকার নেই।’
একাদশে অক্ষরের না থাকা প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘আইপিএল ১৪ ম্যাচের টুর্নামেন্ট। সেখানে পরিবর্তন আসতেই পারে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দল যত থিতু থাকে ততই ভালো হয়। বাঁ হাতি ব্যাটারদের বিপক্ষে ওয়াশিংটনকে দরকার–আমি এটার সঙ্গে একমত। তাকে খেলানো জরুরি এটা বিশ্বাস করি। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে অক্ষর তো খুবই মুল্যবান ক্রিকেটার। সে কেমন পারফর্মার সেটা ভুললে হবে না।’