ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন।
শরীফুল ও রানাকে আগে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার অনাপত্তিপত্র আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পিএসএলের পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তাতে করে আগামীকালের ম্যাচ খেলার সুযোগ পেলেন তাঁরা (রানা-শরীফুল)। আগামীকাল করাচি জাতীয় স্টেডিয়ামে মুলতান সুলতানসের মুখোমুখি হবে পেশোয়ার জালমি। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন পেশোয়ার। দুইয়ে থাকা মুলতান সুলতানসের পয়েন্ট ৮। তারাও খেলেছে ৪ ম্যাচ।
পিএসএলে গতবার নাহিদ রানাকে পেশোয়ার জালমি নিলেও টুর্নামেন্টটা তাঁর কেটেছিল বেঞ্চে বসে। এবার তাঁকে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি। পিএসএল অভিষেকে সুযোগটা তিনি দারুণভাগে কাজে লাগিয়েছেন। ৩ ম্যাচে ৫.২০ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যাঁর মধ্যে ৯ এপ্রিল রাতে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। তাঁর মতো শরীফুলও এবার প্রথমবার খেলেছেন পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। পেশোয়ারের হয়ে ৪ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট।
গতকাল বিকেলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ের ম্যাচে মোস্তাফিজুর রহমানকে হারিয়ে দিয়েছেন রানা-শরীফুলরা। ব্যাটারদের ব্যর্থতায় লাহোর কালান্দার্স ৭৬ রানে হেরেছে পেশোয়ার জালমির কাছে। এই ম্যাচ শেষে রাতে দেশে ফিরেছেন মোস্তাফিজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম। যাঁদের মধ্যে তামিমের পিএসএলে অভিষেক হওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। পেশোয়ার জালমির ডাগআউটে বসে টুর্নামেন্ট কেটেছে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পিএসএলে ২১ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন ইমন। তিনি খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। কিন্তু চোটে পড়ায় ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রানেই থেমে যায় তাঁর পিএসএল। যার মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা মুলতান সুলতানসের বিপক্ষে ৩ এপ্রিল ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২ চার ও ৫ ছক্কা মারেন। সেটাই মূলত লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে ফিল্ডিংয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েই টুর্নামেন্ট শেষ হয়ে যায় পিএসএল।
পিএসএল খেলতে রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। অন্যদিকে লাহোর কালান্দার্সের মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলেছেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। আর রিশাদ খেলেছেন রাওয়ালপিন্ডিজের হয়ে।
১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।