হোম > খেলা > ক্রিকেট

আমার অর্থের প্রয়োজন নেই, স্যান্ডপেপার বিতর্কে খাজার জবাব

ক্রীড়া ডেস্ক    

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নিজের স্মৃতিকথায় বিস্ফোরক তথ্য প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন উসমান খাজা। এর জবাবও দিলেন তিনি। ছবি: সংগৃহীত

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নিজের স্মৃতিকথায় বিস্ফোরক তথ্য প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন উসমান খাজা। তবে বইয়ের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে এসব তথ্য প্রকাশ করেছেন, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার।

মঙ্গলবার প্রকাশিত নিজের স্মৃতিকথা সবর-এ কেপটাউন টেস্টের বল টেম্পারিং ঘটনা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন খাজা। তাঁর দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। এমনকি আগের ম্যাচেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল।

খাজার এমন দাবির সমালোচনা করেছেন তাঁর সাবেক সতীর্থ নিক ম্যাডিনসন। সম্প্রতি অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়া এই ওপেনার ঘটনাটিকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তাঁর ইঙ্গিত, বই বিক্রির স্বার্থেই এমন তথ্য প্রকাশ করেছেন খাজা।

তবে খাজার বক্তব্য, ডেভিড ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্যই তিনি বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ওই ঘটনায় শুরুতে ওয়ার্নারকে মূল পরিকল্পনাকারী হিসেবে তুলে ধরা হয়েছিল। খাজার দাবি, ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটও পরিস্থিতির শিকার হয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনাটি সম্পর্কে শুধু এই তিনজনই জানতেন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খাজা জানান, স্মৃতিকথায় বল টেম্পারিংয়ের ঘটনা অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের সঙ্গে তাঁর কোনো আলোচনা বা সমঝোতা হয়নি।

খাজা বলেন, ‘স্যান্ডপেপার কিংবা আমার জীবনের অন্য কোনো বিষয় নিয়ে পেঙ্গুইনের সঙ্গে আমি কোনো দর-কষাকষি করিনি। এমনকি এ নিয়ে আমাদের কোনো কথাও হয়নি।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালে তাদের সঙ্গে চুক্তি করার সময় তারা শুধু বলেছিল, নিজের গল্প বলো। বইয়ে কী থাকবে আর কী থাকবে না, সে বিষয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমার হাতে। সব সিদ্ধান্তই আমার ছিল।’

দুই বছরের বেশি সময় পর বইয়ের চূড়ান্ত পাণ্ডুলিপি প্রকাশকের হাতে তুলে দেন খাজা। সেটিই ছিল পেঙ্গুইনের কাছে তাঁর বইয়ের প্রথম খসড়া। বিষয়টি দেখে প্রকাশক ও তাঁর ব্যবস্থাপনা দল বিস্মিত হয়েছিল বলেও জানান তিনি।

বইয়ের বিক্রি থেকে বড় অঙ্কের অর্থ আয়ের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন খাজা। তাঁর দাবি, বল টেম্পারিংয়ের ঘটনা উল্লেখ না করলেও বই থেকে প্রায় একই পরিমাণ অর্থ পেতেন তিনি।

এ প্রসঙ্গে খাজা বলেন, ‘রয়্যালটি বা বই বিক্রির আয় পাওয়ার আগে আমাকে নির্দিষ্টসংখ্যক বই বিক্রি করতে হবে। আমার মনে হয় না, আমি কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারব। আর পৌঁছালেও সেখান থেকে পাওয়া অর্থ হবে সামান্য।’

সমালোচকদের উদ্দেশে খাজা আরও বলেন, ‘যথাযথ সম্মান রেখেই বলছি, আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমি যথেষ্ট সৌভাগ্যবান। আমার অর্থের প্রয়োজন নেই। এর পেছনে কখনোই বাণিজ্যিক স্বার্থ ছিল না। আপনারা যা খুশি ভাবতে পারেন, তবে বাস্তবতা এটাই।’

স্যান্ডপেপার বিতর্কে তদন্ত নিয়ে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং কোচ পেল বাংলাদেশ

টেস্ট ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা

মালয়েশিয়াকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

প্রত্যাশা অনুযায়ী উইকেট পাইনি—বলছেন শান্ত

‘বল টেম্পারিং’ নিয়ে ওয়ার্নারের বিস্ফোরক মন্তব্য

কেন জিততে পারল না বাংলাদেশ

কোনো ফলই এল না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে

রানা তাহলে কবে ফিরছেন