চীনের বিপক্ষে গতকাল না খেলেই সেমিফাইনালে উঠে গিয়েছিল বাংলাদেশ। সেমিতে কে হয় প্রতিপক্ষ, সেটাই ছিল দেখার। অবশেষে আজ তা জানা গেল। জাপানকে উড়িয়ে ভারত সেমিতে খেলবে বাংলাদেশের বিপক্ষে।
নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ নারী এশিয়ান গেমস ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে ভারত। তাতে করে দুবাইয়ে সদ্য সমাপ্ত ২০২৬ নারী এশিয়া কাপের সেমিফাইনালের লাইনআপটাই হয়ে গেল। হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের সেমিতে প্রতিপক্ষ বাংলাদেশ। অপর সেমিফাইনালে খেলবে শ্রীলঙ্কা-পাকিস্তান। কদিন আগে ভারতের কাছে এশিয়া কাপের সেমিফাইনালে ৪০ রানে হারের বদলা নেওয়ার মোক্ষম সুযোগ এবার নিশিনে পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।