হোম > খেলা > ক্রিকেট

৭৫ রানে ৬ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

৭১ রান করে ফিরেছেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

প্রথম দিনই বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। সেই ভীতের ওপর দাঁড়িয়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ পেল ৪১৩ রানের পুঁজি। মিরপুরের সবুজ উইকেটের বিবেচনায় এটা বড় সংগ্রহ বটে। কিন্তু শেষ দিকের ব্যাটিং ব্যর্থতা নিয়ে একটা প্রশ্নও থেকে গেল।

৩০১ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সেখানে শেষ ৬ উইকেটে শান্তর দল করতে পারল মাত্র ৭৫ রান। ব্যাটাররা দায়িত্ব নিলে সংগ্রহটা আরও বড় হতে পারত বাংলাদেশের। ৪০০ ছাড়ানো সংগ্রহ পেয়েও তাই কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে। এদিন বাংলাদেশকে ভুগিয়েছেন মোহাম্মদ আব্বাস। শেষ ৬ উইকেটের চারটাই নিয়েছেন এই পেসার।

৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমেছিলেন লিটন। সঙ্গী মুশফিকুর রহিম ব্যাট করছিলেন ৪৮ রানে। এই জুটি দারুণ শুরুর ইঙ্গিত দিলেও লিটনের দায়িত্বহীন শটে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের সঙ্গে আর ২৫ রান যোগ করেন বদলি ফিল্ডার আমাদ বাটের হাতে ক্যাচ দেওয়া লিটন। এরপর মেহেদী হাসান মিরাজ (১০ রান), তাইজুল ইসলামরাও (১৭ রান) ফিরেছেন ভুল কিংবা সময়ের অনুযোপযোগী শট খেলে।

বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে টিকে ছিলেন কেবল মুশফিক। ৩৯তম জন্মদিনে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর শাহিন শাহ আফ্রিদির দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন। অপ্রত্যাশিতভাবে ভেতরে ঢোকা ডেলিভারিটার লাইনে যেতে পারেননি মুশফিক। ৭১ রানেই থামে তাঁর ইনিংস। ৩৮০ রানে অষ্টম উইকেট হারিয়ে ৪০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ।

স্কোরবোর্ডে আর মাত্র ৪ রান যোগ হতেই ফেরেন ইবাদত হোসেন। সেখান থেকে বাংলাদেশ ৪০০ ছাড়ানো সংগ্রহ পেয়েছে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে। সৌদ শাকিলের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হওয়ার আগে ১৯ বলে ৩ চার এবং ১ ছক্কায় করেন ২৯ রান। এর আগে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান রাখা শান্ত খেলেন ১০১ রানের ইনিংস। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৯১ রানে বিদায় নেন মুমিনুল হক।

বাংলাদেশের সংগ্রহকে আরও বড় হতে না দেওয়া আব্বাস নেন ৫ উইকেট; ৩৪ ওভারে ৯২ রান দেন তিনি। ১১৩ রান দেওয়া আফ্রিদি ঝুলিতে পুরেন ৩ উইকেট। এ ছাড়া হাসান আলী এবং নোমান আলীর শিকার একটি করে উইকেট।

প্রথম বাংলাদেশি হিসেবে লিটনের এমন কীর্তি

প্রথম সেশনে পাকিস্তানকে ক্যাচ শেখাল বাংলাদেশ

জন্মদিনে নিজেকে মুশফিকের উপহার

মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল, নেপথ্যে কী কারণ

নিজেদের দুর্ভাগা ভাবছে পাকিস্তান

চাপের মুখে শান্তর কাউন্টার অ্যাটাকের প্রশংসায় মুমিনুল

সেঞ্চুরি মিস করে মুমিনুল বললেন, ‘বউ হয়তো একটু বকা দেবে’

শেষ বিকেলে মুমিনুলকে হারানোর আক্ষেপ নিয়ে বাংলাদেশের ৩০১

সেঞ্চুরির রেকর্ডে দুই ‘ব্র্যাডম্যানে’র পেছনে শান্ত

পাকিস্তান ম্যাচের মাঝেই আইসিসির সেরাদের তালিকায় রানা