জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
ব্যাটাররা ব্যর্থ হলেও ৩১ আগস্ট দুবাইয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইন্দোনেশিয়াকে নিগার সুলতানা জ্যোতির দল গুটিয়ে গিয়েছিল ৫৮ রানে। সেই ম্যাচে বাংলাদেশ করেছিল ১২৯ রান। তবে আজ একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে জ্যোতির দল ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেমিফাইনাল নিশ্চিত করতে লঙ্কানদের করতে হবে ১১৫ রান।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে দুই ওপেনার দিলারা আক্তার-জুয়াইরিয়া ফেরদৌস সাবলীল শুরু করেন। তৃতীয় ওভারের প্রথম তিন বলে লঙ্কান পেসার চেতনা বিমুক্তিকে তিনটি চার মারেন জুয়ারিয়া। তবে ৩১ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের পঞ্চম বলে জুয়ারিয়াকে (১৪) ফেরান সুগন্ধিকা কুমারি। বলতে গেলে জুয়ারিয়া কাভারে দাঁড়িয়ে থাকা কাভিসা দিলহারির হাতে ক্যাচ তুলে দেন।
পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার দিলারা আক্তারকে ফেরান চামুদি প্রবোদা। ২৬ বলে ৪ চারে করেন ২৬ রান। প্রথম ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৭ ওভারে ২ উইকেটে ৪৪ রান। যার মধ্যে বাউন্ডারিতে ২৮ রানই এসেছে দুই ওপেনার জুয়ারিয়া ও দিলারার ব্যাটে। জুয়ারিয়া ১০ বলে ৩ চারে করেন ১৪ রান। অধিনায়ক জ্যোতি ৯ বলে ৪ রান করে দিলারির এলবিডব্লুর শিকার হয়েছেন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে ৯.৫ ওভারে ৩ উইকেটে ৫২ রানে পরিণত হয় বাংলাদেশ। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি এরপর চতুর্থ উইকেটে স্বর্ণা আক্তারের সঙ্গে ৪০ বলে ৪১ রানের জুটি গড়েছেন। এটাই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। ১৭তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুই সেট ব্যাটার সোবহানা ও স্বর্ণাকে ফেরান প্রবোদা। সোবহানা ৪১ বলে ৪ চারে ৩৪ রান করেছেন। এদিকে স্বর্ণার ক্যামিও ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য থাকলেও ১৪ বলে করেছেন ৯ রান। কোনো চার-ছক্কা মারতে পারেননি তিনি।
ব্যাটিং ব্যর্থতায় স্কোরবোর্ডে পর্যাপ্ত স্কোর জমা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করেছে জ্যোতির দল। যেখানে শেষ ওভারে ফাহিমা খাতুন মেরেছেন তিন চার। সোবহানার ৩৪ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবোধা নিয়েছেন ৩ উইকেট।