বিপিএল শেষ হলে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু, ৩ এপ্রিল টেস্ট দিয়ে শেষ হবে লঙ্কা সিরিজ।
এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু এরই মধ্যে টেস্ট সিরিজ পেছানোর আলোচনা সেরে ফেলেছে দুই দলের ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট পেছানোয় শ্রীলঙ্কা সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মাঝে থাকছে কিছু ফাঁকা দিন। এ সময়ে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, সিরিজ খেলার ব্যাপারটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তিনটি ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভালো প্রস্তুতির জন্য এই সিরিজটি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। জানা গেছে, আফগানিস্তান সিরিজে তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে চায় বিসিবি। বিশ্রাম দেওয়ার পরিকল্পনা সিনিয়র ক্রিকেটারদের।
এপ্রিলের শুরুতেই বাংলাদেশে এসে পৌঁছানোর কথা আফগানিস্তান ক্রিকেট দলের। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ পেছানোর দিকে হাঁটে বিসিবি। ব্যস্ত সূচির বছরে আরও ৩টি ম্যাচ বাড়ল বাংলাদেশ দলের। বিশ্বকাপের পর আগামী জুলাই-আগস্টে আফগানদের বিপক্ষে এমনিতেই ২ টেস্ট, সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ।