ওয়ানডে ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়ার পথে পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ও শোয়েব আখতারকে পেছনে ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। ৮০ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করে দেশটির দ্রুততম পেসার হয়েছেন তিনি।
আজ গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টম ব্যান্টনকে আউট করে ওয়ানডেতে নিজের ১৫০তম উইকেট তুলে নেন আফ্রিদি। পাকিস্তানের পেসারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। তাঁর লেগেছে ৮০ ওয়ানডে। সবমিলিয়ে এই মাইলফলকে তালিকার দুইয়ে আছেন ২৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। অন্যদিকে ওয়াকার ইউনিস ও শোয়েব আখতার দুজনেরই লেগেছিল ৯১ ম্যাচ।
ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি এখনো সাকলায়েন মুশতাকের দখলে। সাবেক এই স্পিনার মাত্র ৭৮ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। তাঁর চেয়ে ২ ম্যাচ বেশি খেলে ১৫০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন আফ্রিদি। সব মিলিয়ে তাই পাকিস্তানের বাঁহাতি পেসার দ্বিতীয়।
পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় এরপর আছেন সাঈদ আজমল ও উমর গুল। সাঈদ ৯৩ ম্যাচে এবং উমর ১০৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।
চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে বল হাতে ছন্দে রয়েছেন আফ্রিদি। ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ওভারপ্রতি ৫.১৯ রান দিয়েছেন এই বোলার।
ব্যান্টনের পর জোর রুট ও স্যাম কারানকেও প্যাভিলিয়নের পথ দেখান আফ্রিদি। প্রতিবেদনটি লেখার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। তখন ২৮ ওভারের খেলা চলছিল। ৫ সতীর্থদের হারালেও একা লড়াই চালিয়ে যাচ্ছেন বেন ডাকেট। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।