শেষ ওভারে প্রয়োজন ১৫ রান। ক্রিজে দুই অপরাজিত লোয়ার অর্ডার ব্যাটার রুবায় ইসলাম রিজন ও শেখ আতিকুর রহমান। এমন স্নায়ুচাপের মুহূর্তে ওমানের আল আমিরাতের মাঠে দেখা গেল এক অবিশ্বাস্য সমাপ্তি। আমির হামজার শেষ ওভারে ১৪ রান তুলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারের মুখ থেকে এক শ্বাসরুদ্ধকর টাই এনে দিলেন রিজন। ওমানে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচটি শেষ হয়েছে সমতায়।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার ফরিদউল্লাহ ইহসাসের ৪৭ বলে ৫১ এবং তিন নম্বরে নামা নোমান সালারজাইয়ের ৯০ বলে ৭৬ রানের কল্যাণে বড় সংগ্রহের ভিত পায় আফগানরা। শেষ দিকে তাহির সারওয়ারি (৩১ বলে ৪৩) ও আমির হামজার (১১ বলে ২১) ঝোড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৪ রানের বিশাল পুঁজি গড়ে তারা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রুবায় ইসলাম রিজন।
৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনিং জুটিতে আব্দুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম তোলেন ৭০ রান। মুহি ৪৫ বলে ৯ চারে ৫০ করে বিদায় নেন। তিনে নেমে তাণ্ডব চালান আল-আমিন হোসেন রনি। ৫৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আহসান আল মুমিন ৬৬ বলে ৫৬ রান করে আউট হলে হঠাৎই ছন্দপতন ঘটে যুবাদের ইনিংসে।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ম্যাচ হেলে পড়ে আফগানদের দিকে। শেষ ১২ বলে দরকার পড়ে ১৬ রান। কিন্তু ৪৯তম ওভারে ইমরান মোহাম্মাদী মাত্র ১ রান দিলে শেষ ৬ বলে সমীকরণ গিয়ে দাঁড়ায় ১৫ রানে।
শেষ ওভার করতে আসা আমির হামজার প্রথম বল ডট এবং দ্বিতীয় বলে সিঙ্গেল নেন আতিকুর। এরপরই শুরু হয় রিজনের ঝড়—তৃতীয় বলে চার, চতুর্থ বলে ডাবল এবং পঞ্চম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে সমীকরণ আনেন ১ বলে ২ রানে। শেষ বলে বাই থেকে ১ রান এলে বাংলাদেশ পৌঁছায় ৩০৪ রানে। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অলরাউন্ডার রিজন।
প্রথম ম্যাচ জেতায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা।