হোম > খেলা > ক্রিকেট

এশিয়ান গেমস ২০২৬

ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশের ক্রিকেটাররা করবেন না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভারতের ক্রিকেটারদের রুম শেয়ার করতে হলেও বাংলাদেশের তা হচ্ছে না। ছবি: ক্রিকইনফো

এশিয়ান গেমস শুরুর আগেই আলোচনায় জাপানের আবাসন সংকট। এবার কোনো প্রচলিত অ্যাথলেটস ভিলেজ থাকছে না; খেলোয়াড়দের জন্য হোটেল, ক্রুজশিপ ও অস্থায়ী কনটেইনার ধাঁচের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা নিবন্ধিত হওয়ায় আবাসন নিয়ে চাপও তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দলের আবাসন নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। নারী-পুরুষ মিলিয়ে ক্রিকেট থেকে এবার এশিয়ান গেমসে যাচ্ছেন ৪১ জন। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ১৯টি কক্ষ বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন মেজর ইমরোজ আহমেদ(অব:) । তাঁর দাবি, আগেভাগে ব্যবস্থা নেওয়ার কারণেই ক্রিকেট দলকে আবাসন-সংকটে পড়তে হচ্ছে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরোজ বলেন, ‘ভারত প্রত্যেকটা রুম শেয়ার করছে। ২৫ জন, ২২ জন গেলে ২০টা রুমে পাবে না। বাংলাদেশ দলের জন্য বরাদ্দ ১৯ কক্ষ। সবাই সিঙ্গেল রুমে থাকবে। একজনকে শেয়ার করতে হচ্ছে।’

এশিয়ান গেমসে ক্রিকেটারদের আবাসন নিয়ে অবশ্য আগে থেকেই আলোচনা চলছে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান জানিয়েছেন, ক্রিকেটারদের জন্য সম্ভাব্য সেরা হোটেল আবাসনকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের আবাসন নিয়েও দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা হয়েছে।

বাংলাদেশের আবাসন নিশ্চিত করতে আগেভাগে কাজ করার বিষয়টি তুলে ধরে মেজর ইমরোজ বলেন, ‘কেউ না কেউ ভালো কাজ করেছে, এক ধাপ এগিয়ে এই কাজটা করেছে। এর জন্য আমাদের ক্রিকেট দল ভুগছে না।’ তবে পুরো জাপানেই এখন হোটেলকক্ষ পাওয়া কঠিন বলে দাবি তাঁর। ইমরোজ বলেন, ‘এখন আপনি একটা রুম চাইলে আমি হয়তোবা টয়লেটও দিতে পারব না আপনাকে। কারণ পুরা জাপানে কোনো হোটেল কোনো রুম নাই।’

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় হবে এশিয়ান গেমস। ছেলেদের ক্রিকেট ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ও মেয়েদের ক্রিকেট হবে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত অ্যাথলেটস ভিলেজ না থাকায় আবাসন ব্যবস্থাপনাই এবারের গেমসের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।