হোম > রাজনীতি

আগস্টের আগের সময়ের মতো পরিস্থিতি চলছে: আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আগস্টের আগের সময়ের মতোই এক ধরনের পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ বলেন, ‘৫ আগস্টের আগে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনো প্রায় একই অবস্থার মুখোমুখি হচ্ছি। তখন যেমন শঙ্কা ছিল, মিডিয়ায় কথা বললে তা প্রচার হবে কি না, কোথাও অনিয়ম, হামলা বা গুলি করে হত্যার ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যমে আসবে কি না, এখনো তেমন একটি বাস্তবতা আমরা দেখছি।’

এনসিপি মুখপাত্র আরও বলেন, মূলধারার গণমাধ্যম সহযোগিতা না করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিজেদের যতটুকু সক্ষমতা আছে, তা ব্যবহার করে দেশবাসীর সামনে অনিয়মগুলো তুলে ধরতে হবে।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করার এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, অনেক জায়গায় হয়তো আসতেও পারছে না। কারণ আমরা দেখছি যে, অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। নির্বাচনের দায়িত্বে আছেন প্রায় ৯ লাখেরও বেশি সদস্য, আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সঙ্গে মাঠে থেকে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য আমাদের আহ্বান থাকবে।’

আসিফ আরও বলেন, ‘আজকে রাতে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করল বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্ক থেকে কেউ আবার ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।’

গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে আবার মাঠে নামতে হবে এবং লড়াই করতে হবে বলে উল্লেখ করেন আসিফ। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেয়া এবং আজকের রাতটি নিরাপদে কাটছে কি না, তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।

সবাইকে ভোট দেওয়ার আহবান জানিয়ে আসিফ বলেন, ‘অবশ্যই আপনাদের ভোট দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাদের ভোট দিতে হবে। কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা চলছে এ কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে আর পরিবর্তন আসবে না।’

সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব

সংবিধান সংশোধন কমিটি গঠনের উদ্যোগ হতাশার: হাসনাত কাইয়ূম

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

আওয়ামী লীগ ও জামায়াত দুই দলই পাকিস্তানের পক্ষে ছিল: ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে প্রশ্ন তুললেন তাসনিম জারা

মদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক মেলায় নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম

মির্জা ফখরুল গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথের সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ