জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এই দিনটির জন্য দেশের জনগণ দীর্ঘ অপেক্ষা করছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে বাংলাদেশের মানুষ।’
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘জয় লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোই আমাদের অগ্রাধিকারে থাকবে।’
নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাঁদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।’
ভোটের পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হয়তো বলতে পারব।’
নির্বাচনের আগের রাতের নানা ঘটনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেটা কঠোর হস্তে দমন করেছে।’
এর আগে সকাল সাড়ে ৯টায় এই ভোটকেন্দ্রে আসেন তারেক রহমান।
তারেক রহমানের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিতে আসেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। ৯টা ৪৫ মিনিটে ভোট দিয়ে বের হন তাঁরা।