বাড়ির ছোটরা উচ্ছে খেতে চায় না? তাহলে রান্নার উপকরণ ও তরিকা বদলে ফেলুন। ছোটরাও চেটেপুটে খাবে উচ্ছে। আপনাদের জন্য উচ্ছের দারুণ একটি পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
উচ্ছে ৫০০ গ্রাম, আলু একটা, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬-৭টা, শুকনা মরিচ ২-৩টা, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, চিংড়ি মাছ ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ।
প্রণালি
উচ্ছে ও আলু কুচি করে কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। মরিচ লালচে হলে চিংড়ি মাছ, হলুদগুঁড়া আর লবণ দিয়ে দু-এক মিনিট ভেজে নিন। পরে কেটে রাখা উচ্ছে ও আলু দিয়ে নেড়েচেড়ে রান্না করুন ৫-৭ মিনিট। তারপর পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন। এবার লবণ দেখে সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।