হোম > জীবনধারা > ফ্যাশন

বিশ্বকাপ শুরুর আগেই বদলে ফেলুন চুলের ছাঁট

নিরঞ্জন সরকার

(ওপরে বাঁ থেকে) লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু ১১ জুন। তবে সেই আমেজ টের পাওয়া যাচ্ছে। কেউ কিনছেন প্রিয় দলের জার্সি, আবার কেউ কিনছেন পতাকা। এর মধ্য়ে আবার অনেকে প্রিয় ফুটবল তারকার চুলের ছাঁট দেখিয়ে বিভিন্ন সেলুনে চুল ছাঁটার পরিকল্পনাও করছেন। হালকা হাইলাইট করবেন কি না, তা-ও ভাবছেন। প্রিয় ফুটবল টিমের জার্সি পরে ছবি তোলার সময় চুলের ছাঁটে বদল থাকলে ভালোই লাগবে। যেসব চুলের ছাঁট এখনকার ট্রেন্ডে রয়েছে, একনজরে দেখে নিন সেগুলো—

মেসি হেয়ার কাট

মেসি হেয়ার কাট স্পোর্টি, উচ্ছলতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। ক্যাজুয়াল লুক দেয় বলে এই ছাঁট পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। চুল লম্বা হোক বা ছোট, মেসি স্টাইলে প্রায় সবাইকে মানিয়ে যায়। আর হ্যাঁ, করপোরেট পুরুষদের চিন্তার কিছু নেই। অফিসে যাওয়ার আগে চুলে চিরুনি খানিক বুলিয়ে নিলেই হলো।

কুইফ

আধুনিক লুক নিতে যে পুরুষদের ভুল হয় না, চুলের এই ছাঁট কিন্তু তাঁদের জন্য। এই ছাঁটে মাথার মাঝখানের অংশের চুল যদিও কিছুটা অগোছালো থাকে, কিন্তু বেশ কিছুদিন ভালোভাবে আঁচড়ে রাখা গেলে একসময় তা সেট হয়ে যায়। এই ছাঁট পেশাদার কিংবা শিক্ষার্থী—সবার জন্যই মানানসই।

আফ্রো

এই ক্ল্যাসিক চুলের কাট ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। তবে এই ছাঁট আবার ফিরে এসেছে এবং কোঁকড়া চুলের লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আফ্রো শুধু একটি চুলের স্টাইল নয়; এটি বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদের আত্মপরিচয় ও আত্মসচেতনতার প্রতীক।

হাই অ্যান্ড টাইট

হাই অ্যান্ড টাইট সেনাবাহিনী অনুপ্রাণিত একটি হেয়ারকাট। এই কাটে পেছনের চুল একদম ছোট করে ছাঁটা থাকলেও সামনের চুল কিছুটা বড় থাকে। এই ছাঁটে খুব অল্প যত্নেও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। এই গরমে এই হেয়ার কাট আপনাকে দেবে বাড়তি আরাম।

প্রিয় ফুটবলারকে অনুসরণ করতে চাইলে

ফুটবলারদের চুলের ছাঁট বা হেয়ারস্টাইল এখন হট ট্রেন্ডি বিষয়। ছোট, মাঝারি ও লম্বা—চুলের ছাঁট যেমনই হোক না কেন, ভক্তদের কাছে সেটাই আধুনিক আর লুফে নেওয়ার বস্তু। সময়ের সঙ্গে সঙ্গে ফুটবলাররাও এতে নতুনত্ব যোগ করতে থাকেন। দেখে নিন সেরা কয়েকজন ফুটবলারের হেয়ার কাট সম্পর্কে—

লিওনেল মেসি

মেসি প্রায় সব ধরনের চুলের ছাঁটই দিয়েছিলেন তারকা হয়ে ওঠার পুরো সময়ে। এর মধ্যে রয়েছে কুইফ, ফ্রিঞ্জ, মুলেট ও ছোট চুলের স্টাইল। ক্যারিয়ারের শুরুর দিকে ঘাড় পর্যন্ত লম্বা চুল রাখতেন তিনি। তবে মেসির বিখ্যাত ছাঁট হচ্ছে মুখভর্তি দাড়ির সঙ্গে কৃত্রিম সোনালি চুলের নিচে কালো রঙের চুল। তবে মেসির এই ছাঁট সারা বিশ্বে বেশ জনপ্রিয়।

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের স্টাইল একেবারে নিখুঁত। তাঁর মাথার ডান দিকে একটি সিঁথি আছে। দুই পাশে ও পেছনের দিকে চুলগুলো ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যায়। কপালের দিকে রোনালদোর চুল খুব সুন্দর আকৃতি ধারণ করে। চিরুনি দিয়ে নিখুঁতভাবে স্টাইল ফুটিয়ে তোলার জন্য শক্তিশালী পোমেড ব্যবহার করেন তিনি।

নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র বিভিন্ন বয়সে কয়েক ধরনের চুলের ছাঁট দিয়েছেন। এগুলোর মধ্যে আছে শর্ট অ্যান্ড কার্লি, মোহক বা মাহিকান স্টাইল, আন্ডারকাটসহ আফ্রিকান স্টাইল, স্প্যাগেটি ব্লন্ড কাট, কালো চুলের ওপর ব্লন্ড হাইলাইটস, ড্রপ ফেইড ইত্যাদি। তাঁর কোঁকড়ানো আফ্রিকান চুলের সঙ্গে ড্রপ ফেইড ভালোভাবেই মানায়।

কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের পছন্দ জনপ্রিয় চুলের স্টাইল বাজ কাট। এই ছাঁটে সুন্দর লুক আনার জন্য বৈদ্যুতিক ক্লিপার ব্যবহার করা হয়। এই স্টাইলে চুলের দৈর্ঘ্য খুবই কম থাকে। যদিও বাজ কাটে সব জায়গায় চুল একই দৈর্ঘ্যের হয়। তবে চাইলে এমবাপ্পের মতো চুল ছোট হতে হতে ত্বকের সঙ্গে মিলে যাওয়া একটি ভালো বিকল্প হতে পারে।

বাদ যাবেন না আরও যাঁরা

লম্বা চুলের বাতিস্তুতা কিংবা ঝুঁটি বাঁধা রবার্তো বেজ্জিওর চুলের ছাঁট কিছুটা আলোড়ন তুলেছিল নব্বইয়ের দশকে। তবে চুলের ছাঁটের ক্ষেত্রে সেই সময়ের বিনোদনজগতের তারকারা অনেক এগিয়ে ছিলেন। তবে নিজের চুলের ছাঁট ভক্তদের কাছে ভীষণভাবে জনপ্রিয় করতে সক্ষম হয়েছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ও ফ্যাশন আইকন ডেভিড বেকহাম। ভ্রু যুগল থেকে সোজা মাথার পেছন পর্যন্ত চুল রেখে দুই দিকে একেবারে কামিয়ে ফেলার যে মাহিকান স্টাইল, বেকহাম সেই স্টাইলকেও জনপ্রিয় করে তুলেছিলেন একসময়।

এ ক্ষেত্রে ২০২৩ সালে অবসর নেওয়া জ্লাতান ইব্রাহিমোভিচের ‘হিপস্টার স্টাইল’ চুল আর তাঁর খোঁপার কথা বাদ দিলে চলবেই না। তিনি কখনো কখনো তাঁর লম্বা চুলে বেণিও বাঁধতেন। এ দুই স্টাইলে ইব্রাহিমোভিচকে পরিশীলিত ও সুন্দর দেখায়।

সূত্র: ডব্লিউআইওএন ও অন্যান্য

ফ্যাশনের দেশে ফুটবল

কানের লালগালিচায় গোলাপি আভা ছড়াতে যেভাবে সেজেছিলেন আলিয়া ভাট

যা দেখে কিনবেন সামার ফ্রক

দেখে নিন জমকালো রাতে তারকাদের পরা শৈল্পিক পোশাকগুলো

সাদা শার্ট স্টাইলিংয়ের উপায়

বসনে-ভূষণে কৃষ্ণচূড়ার মঞ্জরি

গরমে আরাম দেবে সাদা রঙের পোশাক

গামছা পোশাক ও অলংকারে দেশীয় আইকন

চশমা পরলে কেমন হবে চোখের মেকআপ?

গরমে আরাম ও ফ্যাশনের সমন্বয় করবে স্টাইলিশ লেয়ারিং