সোমবার, ৪ মে ২০২৬। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার জাদুকরী সংখ্যা অনায়াসে অতিক্রম করেছে। দলটি এখন পর্যন্ত ১৯৯টি আসনে জয়ী হয়েছে।
ফালতা কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল হওয়ায় রাজ্যের মোট ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। স্বাভাবিক পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসনের প্রয়োজন হলেও ফালতার নির্বাচনের প্রেক্ষাপটে এই সংখ্যাগরিষ্ঠতার মাত্রা বা ‘ম্যাজিক ফিগার’ নেমে এসেছে ১৪৭-এ। আর বিজেপি সেই গণ্ডি পেরিয়ে এক বিপুল জয়ের পথে রয়েছে।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ফলাফল এসেছে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র থেকে। দুই কেন্দ্রেই নিজের আধিপত্য বজায় রেখে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০তম তথা চূড়ান্ত রাউন্ডের গণনা শেষে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নন্দীগ্রামেও একই রকম আধিপত্য বিস্তার করেছেন শুভেন্দু, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন নিয়ে এসেছে।
এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে স্বাধীনতার পর থেকে রাজ্যে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ৯২ দশমিক ৮ শতাংশ ও ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৯১ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।
পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল রাজ্যের পরবর্তী সরকার গঠনে ও রাজনৈতিক স্থিতিশীলতায় এক চূড়ান্ত রায় হিসেবে দেখা হচ্ছে। বিজেপির এই বিপুল জয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ কেন্দ্রে পরাজয়কে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরির্তন হিসেবে ধরা হচ্ছে।