হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ২৬

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের ক্রামাতোরস্ক অঞ্চলে রুশ হামলায় মারা যাওয়া একজনের মরদেহ ঢাকছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। কিয়েভ ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এবং মস্কোর পরিকল্পিত ৩ দিনের যুদ্ধবিরতির ঠিক তিন দিন আগে এই হামলা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেলে ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভে রাশিয়ার ভারী গ্লাইড বোমা আঘাত হানে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধু জাপোরিঝিয়াতেই অন্তত ১২ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

সংঘাতপূর্ণ দোনেৎস্ক অঞ্চলে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা শেষ বড় কেন্দ্র ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরে তিনি আরও জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রুশ হামলায় আরও চারজন নিহত হয়েছেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস স্থাপনাগুলোতে রাতভর রুশ বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কিয়েভ ও মস্কো একই সপ্তাহে আলাদা আলাদা যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর এই হামলা হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোগাজের প্রধান নির্বাহী সেরহি কোরেৎসকি জানান, ওই রাতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনজন কর্মী ও দুজন উদ্ধারকর্মী নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বড় ধরনের ক্ষতি ও উৎপাদন ঘাটতির মুখে পড়েছি। এটি ছিল যৌথ হামলা, যেখানে ইউএভি (মানববিহীন আকাশযান) এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও জানান, এই হামলার ফলে প্রায় ৩ হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে একই সঙ্গে হামলা চালানো রাশিয়ার ‘চরম নির্লজ্জতার’ প্রমাণ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘রাশিয়া যেকোনো সময় যুদ্ধবিরতি কার্যকর করতে পারে, এতে যুদ্ধ এবং আমাদের প্রতিক্রিয়া থেমে যাবে। শান্তি প্রয়োজন, এবং তা অর্জনে বাস্তব পদক্ষেপ দরকার। ইউক্রেন একইভাবে প্রতিক্রিয়া জানাবে।’

জেলেনস্কি জানান, মঙ্গলবার দিনের শেষে ইউক্রেন যুদ্ধবিরতি পালন শুরু করবে এবং সেই মুহূর্ত থেকে রাশিয়ার পদক্ষেপের অনুপাতে প্রতিক্রিয়া জানাবে। তবে এর কোনো নির্দিষ্ট শেষ সময় নির্ধারণ করা হয়নি। এর একদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ও শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাশিয়া ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র এবং ১৪৯টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৪টি ড্রোন ১৪টি স্থানে আঘাত হেনেছে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকালপাইন বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘ড্রোন প্রতিহত করতে ইউক্রেন অভ্যস্ত হয়ে উঠেছে, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো পর্যাপ্ত সক্ষমতা এখনো নেই। এ কারণেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রায়ই ইউরোপীয় অংশীদারদের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের জন্য অনুরোধ করতে শোনা যায়, কারণ এগুলোই ব্যালিস্টিক হুমকি ঠেকাতে সক্ষম একমাত্র কার্যকর অস্ত্র।’

এদিকে রাশিয়ার চুভাশিয়া প্রজাতন্ত্রের আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। অঞ্চলটির প্রধান ওলেগ নিকোলায়েভ জরুরি অবস্থা জারি করেছেন বলে রুশ গণমাধ্যমে জানানো হয়েছে। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

এর আগে মঙ্গলবার, ইউক্রেন রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে হামলা চালায়, এতে লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি শহরের একটি শিল্প এলাকায় আগুন ধরে যায় বলে জানান গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো। তিনি বলেন, ‘শত্রুর প্রধান লক্ষ্য ছিল কিরিশিনেফতেওরগসিনতেজ তেল শোধনাগার’ এবং জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দমকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

শিল্প সূত্রগুলো জানায়, কিরিশিনেফতেওরগসিনতেজ তেল শোধনাগারটি ২০২৪ সালে ১ কোটি ৭৫ লাখ মেট্রিক টন তেল (প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার ব্যারেল) প্রক্রিয়াজাত করেছে, যা রাশিয়ার মোট তেল শোধন ক্ষমতার ৬ দশমিক ৬ শতাংশ। এখানে ২০ লাখ টন পেট্রোল, ৭১ লাখ টন ডিজেল, ৬১ লাখ টন ফুয়েল অয়েল এবং ৬ লাখ টন বিটুমিন উৎপাদিত হয়েছে।

মাংস, গাড়ি ও এয়ারলাইনসের বিজ্ঞাপন নিষিদ্ধ করল আমস্টারডাম, কারণ কী

কোটিপতি ব্যবসায়ীকে বিয়ে করছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আটলান্টিকে ভাসমান প্রমোদতরিতে হান্টাভাইরাস, ৩ জনের মৃত্যু

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের মুক্তির আবেদন, বিবেচনা করছেন জাতিসংঘ আদালত

ড্রোন দিয়ে রুশ ঘাঁটিতে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

আকাশে শক্তি দেখাচ্ছে ইউক্রেন—বিব্রত, বিরক্ত রাশিয়া

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

লন্ডনে দুই ইহুদিকে ধাওয়া করে ছুরিকাঘাত

চুরি করা ইউক্রেনের শস্য ইসরায়েলের কেনা অবৈধ: জেলেনস্কি

যুক্তরাষ্ট্রকে অপদস্থ করেছে ইরান: জার্মান চ্যান্সেলর