‘হিজাব না পরার শাস্তি হিসেবে নারীদের আটকে রেখে তাদের চুল কেটে দেন ইমাম’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘Dr. Maalouf’ নামের একটি এক্স অ্যাকাউন্টে গতকাল ৫ সেপ্টেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে ৭৭ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া, আজ (৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্টটিতে প্রায় ৩ হাজার ৪০০ রিয়েকশন, ২ হাজার রিপোস্ট ও ৪৭৫ শেয়ার হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি মূলত চলতি বছরের ২ মার্চ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনার। সে সময় বিষয়টি নিয়ে একাধিক মূলধারার গণমাধ্যমে (১ , ২ ) প্রতিবেদন প্রকাশিত হয়।
উল্লেখ্য, এর আগেও ভিডিওটি ভিন্ন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।
হিজাব না পরার শাস্তি হিসেবে ইমাম কর্তৃক নারীদের চুল কেটে দেওয়ার দাবিটি ভিত্তিহীন। মূলত নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির সন্দেহে তিন নারীকে নির্যাতনের পুরোনো ভিডিওকে সম্প্রতি ধর্মীয় রঙ চড়িয়ে ছড়ানো হচ্ছে।