হোম > ফ্যাক্টচেক > দেশ

পশ্চিমবঙ্গে পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ভিডিওকে যশোরে সাম্প্রদায়িক হামলা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

যশোরে কালীপূজার মণ্ডপে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

গতকাল রোববার (৮ নভেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উদ্‌যাপিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের যশোর জেলার কালীরবাজারে কালীপূজার মণ্ডপে আগুন দিয়েছে জঙ্গিরা’।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে ও এখানে।

ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ভিডিওটিকে বাংলাদেশের যশোরের ঘটনা বলে মনে করছেন। কেউ কেউ ঘটনাটিকে ‘সাম্প্রদায়িক হামলা’ উল্লেখ করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ২৯ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে একটি পূজামণ্ডপে আগুন জ্বলতে এবং মুহূর্তের মধ্যে তা পুরো মণ্ডপে ছড়িয়ে পড়তে দেখা যায়। মণ্ডপের সামনের কাপড়ের ব্যানারে ইংরেজিতে ‘I ❤️ JASORA’ এবং ‘KALIBAZAR’ লেখা রয়েছে। ‘JASORA’ লেখাটিকে বাংলাদেশের যশোর জেলার নামের সঙ্গে মিলিয়ে ভিডিওটি প্রচার করা হচ্ছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের যশোর জেলার ইংরেজি বানান বর্তমানে ‘Jashore’। ২০১৮ সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আগে প্রচলিত ‘Jessore’ বানান পরিবর্তন করে ‘Jashore’ করা হয়। ফলে ভিডিওর ব্যানারে থাকা ‘JASORA’ শব্দটি বাংলাদেশের যশোর জেলার নামের সঙ্গে মেলে না।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার যশোড়া কালীবাজারে কালীপূজার মণ্ডপে অগ্নিকাণ্ডের তথ্য পাওয়া যায়।

অনুসন্ধানে ‘হলদিয়া বার্তা’ নামের একটি ফেসবুক পেজে ৭ নভেম্বর পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন ও বর্ণনায় বলা হয়, এটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার যশোড়া কালীবাজার ব্যবসায়ী সমিতির কালীপূজার মণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কার কথাও সেখানে উল্লেখ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর তথ্য দেওয়া হয়।

হলদিয়া বার্তার ভিডিও। ছবি: স্ক্রিনশট

একই ঘটনার বিষয়ে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর ওয়েবসাইটে ৭ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘কালীপুজো উদ্বোধনের আগেই বড় দুর্ঘটনা! বিধ্বংসী আগুনে ভস্মীভূত মণ্ডপ’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া গ্রামে কালীপূজার একটি মণ্ডপে আগুন লাগে।

প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বর বিকেল ৫টার দিকে মণ্ডপের একাংশে আগুন লাগে। দাহ্য পদার্থ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে এবং মণ্ডপটি পুড়ে যায়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পাঁশকুড়া থানার পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এ একই দিন ‘উদ্বোধনের দিনই ভয়াবহ আগুন, চোখের নিমেষে পুড়ে ছাই পাঁশকুড়ার কালীপুজোর মণ্ডপ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই ঘটনার বিবরণ পাওয়া যায়। প্রতিবেদনটিতে ঘটনাস্থল হিসেবে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারের উল্লেখ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’, ‘ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া’ (ইউএনআই) এবং অন্যান্য গণমাধ্যমেও একই অগ্নিকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে ঘটনাস্থল, মণ্ডপের বিবরণ ও অগ্নিকাণ্ডের সময়ের সঙ্গে হলদিয়া বার্তা নামের পেজের ভিডিওর তথ্যের মিল রয়েছে।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

বাংলাদেশের যশোর জেলার কালীরবাজারে কালীপূজার মণ্ডপে জঙ্গিরা আগুন দিয়েছে—এমন দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার যশোড়া কালীবাজারে কালীপূজার মণ্ডপে অগ্নিকাণ্ডের দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

বেঁধে রাখা নারী পোশাকশ্রমিক নন, ঘটনাটি নোয়াখালীর

নুরাল পাগলার ঘটনাকে রংপুরে আ.লীগ নেতার লাশ পোড়ানো বলে প্রচার

জুমার নামাজের পর আ.লীগের মিছিলের দাবিতে পুরোনো ভিডিও প্রচার

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে হতাহত দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো ও এআই নির্মিত

জাদু দেখানোর পুরোনো ভিডিওকে ফের ছাত্রলীগ নেতাকে হত্যা বলে প্রচার

সাজেক ‘জেএলএ’ বাহিনীর নিয়ন্ত্রণে দাবিতে মিয়ানমারের ছবি প্রচার

সাজেকে সংঘাত দাবিতে ছড়ানো ভিডিওগুলো মিয়ানমার ও আসামের

মানিকগঞ্জের চুরির ঘটনার ভিডিওকে জয়পুরহাটে মহিলা লীগ নেত্রীকে নির্যাতন দাবিতে প্রচার

ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’, দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড