সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে। প্রচারিত ভিডিওতে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করা হয়েছে।
আলোচিত দাবিতে ফেসবুকে অন্তত ৩০-এর বেশি পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্টগুলোতে কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে।
প্রচারিত ভিডিওটিতে এক যুবককে গলায় দড়ি অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখা যায়। তাঁর চারপাশে মানুষের জমায়েতও দেখা যায়। তবে ভিডিওটি স্পষ্ট না হওয়ায় পেছনের ভবনের লেখা স্পষ্ট বোঝা যায়নি।
অনুসন্ধানে নাটোরে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। পরে ভিডিওটির কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘MD Rasel’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘প্রিয়জনকে না পেয়ে গলায় ফাঁস’ দাবিতে একই ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে গাছে ঝুলতে থাকা যুবকের পেছনের একটি ভবনে ‘চকশ্রীপুর এ এম উচ্চ বিদ্যালয়’ লেখা দেখা যায়। এ ছাড়া ভিডিওতে বড় আকৃতির রঙিন ছাতা ও প্লাস্টিকের বেলুন দেখা যায়, যা সাধারণত মেলা বা কোনো আয়োজনে দেখা যায়।
ভিডিওটিকে নাটোরের ঘটনা দাবি করা হলেও পেছনের ভবনে থাকা স্কুলের নামের সূত্র ধরে অনুসন্ধানে জানা যায়, চকশ্রীপুর এ এম উচ্চবিদ্যালয় নওগাঁ জেলার পত্নীতলা থানার চকশ্রীপুর গ্রামে অবস্থিত।
এ ছাড়া ‘tamimkhan 5584’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া ভিডিওতেও প্রায় একই তথ্য পাওয়া যায়।
এই সূত্র ধরে অনুসন্ধানে চকশ্রীপুর এ এম উচ্চবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া নম্বরে যোগাযোগ করা হয়। যোগাযোগে জানা যায়, নম্বরটি ওই বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মো. সাদেকুল ইসলামের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভিডিওটি আসলে জাদু খেলার। তিনি জানান, নবীজীর জন্মদিন (২৬ আগস্ট) উপলক্ষে স্কুল বন্ধ থাকার দিন স্কুলমাঠে এই খেলা দেখানো হয়। সেখানে কোনো হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেনি।
বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। তিনি জানান, এমন কোনো ঘটনার খবর তাঁদের কাছে নেই। এমন কিছু ঘটলে পুলিশ তা জানতে পারত বলেও জানান তিনি।
নাটোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যার দাবিটি বানোয়াট। মূলত নওগাঁর একটি স্কুলে জাদু খেলার দৃশ্যকে নাটোরের হত্যাকাণ্ডের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।