হোম > ফ্যাক্টচেক > দেশ

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে মুজিব সৈনিকরা দাবিতে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি আওয়ামী লীগের মিছিল দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ খেলা কিন্তু শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজপথে নেমে গেছে মুজিব সৈনিকরা।’

আজ ১১ জুন বিকেল ৪টার দিকে ‘Shipon Islam’, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, ‘জয় বাবু’, ‘নিলফামারী জেলা ছাত্রলীগ’, ‘চট্টগ্রাম সন্দ্বীপ বঙ্গবন্ধুর সৈনিক’ সহ ২০টিরও অধিক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য ভেবে কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ২৮ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওটিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান শোনা যায়। তবে ভিডিওটি ঠিক কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

পরে অনুসন্ধানে ‘Ik Ibrahim Khan’ নামের একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ১৮ জুলাই শেয়ার করা একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ‘এটি ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনের দৃশ্য’ দাবিতে শেয়ার করা ৩ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওটির প্রথম ২৮ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু মিল রয়েছে। তবে ভিডিওতে ‘ভুয়া, ভুয়া’ শোনা গেলেও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ কিংবা ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ এমন কোনো স্লোগান শোনা যায়নি।

২০২৪ সালের ভিডিও। ছবি: স্ক্রিনশট

পর্যবেক্ষণে পেজটিতে একই দিনে ‘হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো পুলিশ সদস্যদের’, ‘রাজধানী মেরুল বাড্ডায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া’ এবং ‘বাড্ডা ছাত্রলীগ আর ছাত্রদল’ ক্যাপশনে আরও কিছু ভিডিও পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধারণ করা হয়। এ ছাড়া গুগল ম্যাপসের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটির অবস্থান নিশ্চিতভাবেই বাড্ডায়।

কম্পেরিজন। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের কিছু খবর পাওয়া গেলেও, আলোচিত ভিডিওটি বর্তমান সময়ের কোনো মিছিলের নয়। মূলত, ২০২৪ সালের জুলাই এর গণ-অভ্যুত্থানের সময়কার ভিডিওর মূল অডিও পরিবর্তন করে সেটিকে সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

সিদ্ধান্ত

২০২৪ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকার প্রগতি সরণি ও বাড্ডা এলাকায় গণ-অভ্যুত্থান চলাকালীন একটি ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে মুজিব সৈনিকদের রাজপথে নামার দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে দাবিটি ভুয়া

গোলাপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

লাখ লাখ লোককে নিয়ে এনসিপির হবিগঞ্জে ঢোকার দাবিতে প্রচারিত ভিডিওটি নোয়াখালীর

২৬ মামলায় জয়ী ‘ভুয়া আইনজীবী’ নিজের মামলায় লড়ে জিতেছেন—দাবিটি বানোয়াট

নরেন্দ্র মোদিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

সন্তানের সামনে বাবাকে হত্যা করলেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো হলো বিহারের ভিডিও

পদত্যাগ নিয়ে জিয়াউর রহমান সম্পর্কে এমন কথা বলেননি সাবেক রাষ্ট্রপতি সায়েম

গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশু গ্রেপ্তারের দাবিটি বানোয়াট

ভারতে চাঁদা না দেওয়ায় মারধরের ভিডিও মহাখালীর হত্যাকাণ্ডের দাবিতে প্রচার

ফ্যামিলি কার্ড চাওয়ায় পেটালেন বিএনপি নেতা—দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের