হোম > ফ্যাক্টচেক > বিদেশ

মোটরসাইকেলের শোরুমে ঢুকে কুপিয়ে হত্যার ভিডিওটি ভারতের

ফ্যাক্টচেক ডেস্ক

দেশে ইয়ামাহা শোরুমের ম্যানেজারকে হত্যা দাবিতে ভিডিও প্রচার। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশে মোটরসাইকেলের একটি শোরুমে ঢুকে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যা করেছে এবং শোরুমের সবকিছু হাতিয়ে নিয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে প্রচারিত কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ভিডিওটি শেয়ার করে একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘২৪ এর স্বাধীন বাংলাদেশ বলে কথা!! উপভোগ করুন নিউ মগের মুল্লুক মার্কা বাংলাদেশ!! ইয়ামাহা শো-রুমে ডুকে কি ভাবে লোকটাকে মারে ফেললো দেখুন! কি ভয়ংকর।।।।।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

অন্য একটি পোস্টে এই ঘটনাকে বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র দাবি করে লেখা হয়েছে, ‘স্বাধীন বাংলাদেশ!! উপভোগ করুন নিউ বাংলাদেশ!! ইয়ামাহা সোরুমে ডুকে কি ভাবে লোকটাকে মারে ফেললো দেখুন!!’ (লেখা ও বানান অপরিবর্তিত)

শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ব্যবহারকারীরা এটিকে সত্য মনে করে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, মোটরসাইকেলের শোরুমের ভেতরে একজন ব্যক্তি ডেস্কে বসে আছেন এবং হঠাৎ মুখ ঢাকা এক ব্যক্তি এসে তাঁর ওপর নৃশংস হামলা চালান। তবে ভিডিওর কোথাও বাংলাদেশ-সংক্রান্ত কোনো দৃশ্যমান তথ্য, তারিখ কিংবা নির্ভরযোগ্য কোনো সংবাদসূত্র পাওয়া যায়নি।

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘The Siasat Daily’-এর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে ভিডিওটিকে ভারতের বিহার রাজ্যের দারভাঙ্গা জেলার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

The Siasat Daily-এর এক্স পোস্ট। ছবি: স্ক্রিনশট

এই সূত্রের ওপর ভিত্তি করে আরও অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘Republic Bharat’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৩ জুন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘Darbhanga Yamaha Showroom Murder : दरभंगा के बाइक शोरूम में दिन दहाड़े ’मौत का लाइव तांडव’..!’ ক্যাপশনে প্রচারিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিহারের দারভাঙ্গায় একটি মোটরসাইকেলের শোরুমের ভেতরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

কম্পেরিজন। ছবি: স্ক্রিনশট

একই বিষয়ে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘Hindustan Times’ এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ২০২৬ সালের ১২ জুনের। বিহারের দারভাঙ্গা জেলার চন্দনপট্টি চকের কাছে অবস্থিত একটি মোটরসাইকেল শোরুমে এই হামলা হয়। নিহত ব্যক্তি ওই শোরুমের ম্যানেজার ছিলেন, যাঁর নাম মোহাম্মদ ফয়েজ আহমেদ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনে পুলিশের বরাতে বলা হয়, শোরুমে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ হামলাকারীকে ওই শোরুমের একজন সাবেক কর্মী হিসেবে শনাক্ত করেছে। অভিযুক্তের নাম সোনু কুমার পাসওয়ান এবং পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে। মূলত চাকরিচ্যুতি বা পূর্ব কোনো ব্যক্তিগত ক্ষোভের জেরে এই হত্যাকাণ্ড।

সিদ্ধান্ত

ভারতে পূর্ব বিরোধের জেরে চাকরিচ্যুত কর্মীর হাতে শোরুম ম্যানেজার খুন হওয়ার সিসিটিভি ফুটেজকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চিত্র হিসেবে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে না, ভিডিওটি নেপালের

শিশুদের কোরআন তিলাওয়াতের ভিডিওটি কি কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের

মুসলিমদের গ্রেপ্তারের ভিডিওটি ভারতের, তবে ২৭ বছর আগের ভিন্ন ঘটনার

ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার দাবিতে ইন্দোনেশিয়ার ছবি–ভিডিও প্রচার

নারায়ণগঞ্জের মহিষটি নিয়ে সত্যি কি কোনো মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

আফগান পার্লামেন্টের ঘটনাকে শুভেন্দুকে জুতা নিক্ষেপ দাবিতে প্রচার

শুভেন্দু অধিকারীর নামে ছড়ানো ‘গরুর মাংস’ খাওয়ার ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর

কলকাতায় বিজেপি সমর্থকদের তাণ্ডব দাবিতে প্রচারিত ভিডিওটি নেপালে জেন-জি বিক্ষোভের

পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি পোড়ানোর দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

চট্টগ্রামে পীরের দরবারের দৃশ্যকে ভারতে মসজিদে নামাজে ব্যাঘাত সৃষ্টি দাবিতে প্রচার