হোম > ফ্যাক্টচেক > বিদেশ

কলকাতায় কবরে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয়, ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক ডেস্ক

কলকাতার কবরে আগুন ধরিয়ে দেওয়ার দাবিতে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট। ছবি: স্ক্রিনশট

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় উগ্রবাদীরা মুসলিমদের কবরে আগুন ধরিয়ে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল ২৮ সেকেন্ডের ভিডিওটিতে নেপথ্যে একজনকে বলতে শোনা যায়, ‘ব্রেকিং নিউজ, ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর চরম নির্যাতন শুরু হয়েছে। এবার লক্ষ্যবস্তু করা হচ্ছে মুসলিমদের কবরস্থান। মুসলিমদের কবরের মাটি খুঁড়ে ফেলা হচ্ছে এবং কবরের ভেতর পেট্রল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন পৈশাচিক ঘটনা ভারতের বিভিন্ন প্রান্তের নিত্যদিনের চিত্র। এর পাশাপাশি অহরহ ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঘরবাড়ি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। কোথায় গিয়ে থামবে উগ্রবাদীদের এই তাণ্ডব? পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।’

এই দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

‘বিচিত্রা নিউজ’ নামের একটি ফেসবুক পেজ শেয়ার করা ভিডিওটি আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট, যা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ৬ মে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে শেয়ার করা ভিডিওটি ৯ মে বিকাল ৪টা ৪৮ মিনিট পর্যন্ত প্রায় ৬৩ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৬ হাজার ৬০০ রিয়েকশন, ৩৯২ কমেন্ট এবং ৭৯ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।

পোস্টটির কমেন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই প্রচারিত দাবিটিকে সত্য বলে মনে করছেন। কেউ কেউ আবার ভিডিওর অবস্থান ও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে পরবর্তীতে ভিডিওটি ডিলিট করা হয়েছে। যদিও অন্যান্য অ্যাকাউন্ট ও পেজে ভিডিওটি এখনো পাওয়া যাচ্ছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে শুরুতেই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে ভারতীয় কোনো গণমাধ্যমে সাম্প্রতি কলকাতায় এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘صحرانورد’ নামের একটি এক্স অ্যাকাউন্টে চলতি বছরের ৮ মার্চ শেয়ার করা একটি ভিডিও পাওয়া য়ায়। যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। ওই ভিডিওটি ক্যাপশনে ইংরেজি ভাষায় লেখা, ‘এটি ভারত, যেখানে এমনকি মৃত্যুর পরও মুসলিমরা নিরাপদ নয়। দিল্লির ওয়াজিরাবাদ এলাকায় একটি গুরুতর ঘটনা ঘটেছে, যেখানে আকাশ পণ্ডিত ও তার সহযোগীরা নাকি একটি মুসলিম কবরস্থানে কবর অপবিত্র করেছে। হামলাকারীরা নাকি কবরের আচ্ছাদনেও আগুন লাগিয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি।’

সাহরান নামের এক্স অ্যাকাউন্টের পোস্ট। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে ‘muslimmirroreng’ নামের একটি ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ২ মার্চ শেয়ার করা আরও একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওতে দাবি করা হয়, দিল্লির হিন্দুত্ববাদী কর্মী আকাশ পণ্ডিত তাঁর সহযোগীদের সঙ্গে সিগনেচার ব্রিজের কাছে একটি মুসলিম কবরস্থান ভাঙচুর করেছে, কবরের কাপড়ে আগুন দিয়েছে এবং মৃত মুসলিমদের উদ্দেশে গালিগালাজ করেছে।

Muslimmirroreng-এর ইনস্টাগ্রামের পোস্ট। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও নিশ্চিত হতে অনুসন্ধানে ‘মুসলিম মিরর’-এর ওয়েবসাইটে ৪ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লির ওয়াজিরাবাদ এলাকায় একটি মুসলিম কবরস্থানে কিছু ব্যক্তি কবর ভাঙচুর করে এবং কবরের ওপর থাকা কাপড়ে আগুন লাগায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। অর্থাৎ, ঘটনাটি দিল্লির এবং তা অন্তত দুই মাস পুরোনো।

মুসলিম মিরর-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ভাইরাল ভিডিওর শেষে অগ্নিসংযোগের যে ভিন্ন ফুটেজগুলো দেখানো হয়েছে, সেগুলো সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওগুলো ‘Again massive fire incident in Metiabruz’ ক্যাপশনে গত ২৬ এপ্রিল থেকে ইন্টারনেটে রয়েছে । অর্থাৎ, এই ফুটেজগুলোও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগের ঘটনা।

সিদ্ধান্ত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর বেশ কিছু স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। মুসলিম সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। তবে কলকাতায় কবরে আগুন দেওয়ার দাবিটি সম্পূর্ণ ভুল। ভারতেরই একটি পুরোনো ভিডিওকে পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মসজিদে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয়

নেপালে ধর্ষকের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাস দাবিতে ভাইরাল দাবিটি ভুয়া

দুবাইয়ের তেল শোধনাগারে ইরানি হামলার দাবিটি ভুয়া, ভিডিওটি রাশিয়ার

ফিলিস্তিনিদের ওপর অত্যাচার দাবিতে ইরাকি ধারাবাহিকের দৃশ্য প্রচার

ভারতে ভূত ছাড়ানোর ভিডিওকে আ.লীগ নেতাকে পুড়িয়ে হত্যার দৃশ্য বলে প্রচার

বলিভিয়ার মমির ছবিকে গাজায় উদ্ধার শিশুর মৃতদেহ বলে প্রচার

ট্রাম্পকে ‘সাবধানে কথা বলার’ পরামর্শ দেননি মেলোনি, ভাইরাল দাবিটি ভুয়া

সৌদি যুবরাজের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ছবিটি এআই দিয়ে তৈরি

কুষ্টিয়ায় পীরের আস্তানায় হামলাকে হিন্দু নির্যাতন বলে প্রোপাগান্ডা ভারতীয়দের

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিশুর প্রাণ বাঁচাল গরু— ভাইরাল ভিডিওটি এআই নির্মিত