হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান

বিনোদন ডেস্ক

চার দশকের বেশি সময় পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত ও কমল হাসান। তাঁদের নিয়ে সিনেমা বানাচ্ছেন নেলসন দীলিপ কুমার। ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ‘জেলার’ বানিয়ে যিনি ব্যাপক সাফল্য পেয়েছিলেন। নেলসনের নতুন এ সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’।

গতকাল সিনেমাটির প্রোমো প্রকাশ পেয়েছে। রসিকতা আর খুনসুটি মেশানো প্রোমোতে একসঙ্গে ধরা দিয়েছেন রজনীকান্ত ও কমল হাসান। স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটতে হাঁটতে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা। একটি গাড়িতে বসেন দুজন। পেছনের সিটে দেখা যায় পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধকে। সিনেমাটির গান শোনাতে চাইলে গম্ভীর স্বরে কমল হাসান বলেন, ‘ওসব পরে শুনব, আগে বলো এ সিনেমায় নায়ক কে?’ একই প্রশ্ন করেন রজনীকান্তও। কিন্তু পরিচালক কোনো উত্তর দিতে পারেন না। এ প্রশ্ন জিইয়ে রেখেই শেষ হয়েছে প্রোমো।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ সিনেমায় রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা স্বপ্নপূরণের মতো। এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক ও আবেগের মুহূর্ত। আমরা অপরিসীম কৃতজ্ঞতা এবং দায়িত্বের সঙ্গে এই যাত্রা শুরু করতে যাচ্ছি।’

দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রজনীকান্ত ও কমল হাসান। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘আলাউদ্দীনম আথবুথা ভিলাক্কুম’ ছিল শেষ সিনেমা, যেখানে দুজনই ছিলেন মুখ্য ভূমিকায়। পরবর্তী সময়ে আরও কয়েকটি সিনেমায় তাঁদের দেখা গেলেও, সেখানে তাঁরা ছিলেন অতিথি চরিত্রে। সে হিসেবে প্রায় ৪৭ বছর পর আবার দুজন একই সিনেমায় মূল নায়ক হতে চলেছেন।

এ সিনেমার ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত ভক্তরা। এতে কেমন হবে রজনীকান্ত-কমলের রসায়ন? প্রতিদ্বন্দ্বিতা, নাকি বন্ধুত্ব? নাকি দুটির মিশেলে এক নতুন অধ্যায়? এ প্রশ্ন সবার মনে।

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

এ মাসেই বিজয় ও রাশমিকার বিয়ে

পিছু হটবেন না থালাপতি বিজয়

বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে শাকুর মজিদের তথ্যচিত্র

এখনো অনিশ্চিত বিজয়ের শেষ সিনেমার মুক্তি

বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর