হোম > বিনোদন > গান

ভালোবাসা দিবসে আসছে ফাহমিদা ও জয়ের ‘চায়ের কাপে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জয় শাহরিয়ার ও ফাহমিদা নবী ।ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারকে নিয়ে একটি নতুন গান তৈরি করছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের এজিএম অনন্যা রুমা। কয়েক দিন আগে রাজধানীর ধানমন্ডির চাওয়ালী নামের চায়ের দোকানে বসে পরিকল্পনা করা হয় গানটির। সেই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে শেষ হয়েছে গান রেকর্ডিং। গানটির শিরোনাম ‘চায়ের কাপে’। লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত আয়োজন করেছেন জয় শাহরিয়ার। আসছে ভালোবাসা দিবসে প্রকাশিত হবে গানটি।

গত রোববার রাজধানীর মগবাজারে জয় শাহরিয়ারের স্টুডিও আজব রেকর্ডসে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। একই দিনে কণ্ঠ দিয়েছেন জয় শাহরিয়ারও। শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হবে।

অনন্যা রুমা বলেন, ‘ফাহমিদা আপার সঙ্গে কথাচ্ছলে গানের ভাবনাটা শেয়ার করি। তাঁর ভীষণ মনে ধরে। তখনই কাজের পরিকল্পনাটা সেরে ফেলি। চায়ের কাপে আসলে আমাদের সবার ভালো লাগার ভালোবাসার একটি কাজ। সবাই যার যার অবস্থান থেকে একটি সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে চেষ্টা করছি।’

ফাহমিদা নবী বলেন, ‘একে অপরকে ভালোবাসতে, ভালো থাকতে, সুন্দরভাবে জীবন যাপনে উৎসাহিত করতে এই গান করা। অনন্যা রুমাই গানটির মূল উদ্যোক্তা। ধন্যবাদ তাঁকে এমন সুন্দর একটি উদ্যোগের জন্য।’

জয় শাহরিয়ার বলেন, ‘ফাহমিদা আপার সঙ্গে কাজ করছি আমি দীর্ঘদিন ধরেই। আমার একান্তই নিজের মানুষদের একজন তিনি। আপার সঙ্গে অনেক দিন ধরেই নতুন কাজ হচ্ছিল না। অবশেষে চায়ের কাপে গানটি হয়ে গেল। আমি সাধারণত অন্য গীতিকারের গানে কাজ করি না। কিন্তু অলি আমার খুব কাছের বন্ধু। তার লেখা আমার ভীষণ পছন্দ। বাণিজ্যের কথা ভেবে এই গান করা হয়নি। আমরা চারজন মানুষ আনন্দের জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে, শ্রোতাদের ভালো লাগার কথা ভেবে এই গান করছি।’

এর আগে জয় শাহরিয়ারের সুরে ‘কতো না আমার তুমি’, ‘শ্রাবণ’, ‘না হয় শুধু এতটুকু হোক’সহ বেশ কিছু গান গেয়েছেন ফাহমিদা নবী।

দেশজুড়ে বৈশাখী কনসার্ট

বৈশাখের উপহার নতুন গান

স্বেচ্ছায় রিহ্যাবে ভর্তি হলেন ব্রিটনি স্পিয়ার্স

একই বিন্দুতে শেষ হলো দুই বোনের সুরের সফর

আশাজির মৃত্যুর সংবাদ শুনে নির্বাক হয়ে গিয়েছিলাম: সাবিনা ইয়াসমীন

রাহুল ও আশা: সুরে ও ছন্দে বাঁধা পড়েছিল দুই প্রাণ

বড় শিল্পীরা কেন বড় হয়, তাঁদের দেখে শিখেছি: রুনা লায়লা

পারিবারিক জটিলতায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন আশা ভোঁসলে

আশা ভোঁসলে মারা গেছেন

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন শিল্পীরা