হোম > বিনোদন > গান

বিবাহিত নারীদের গানের রিয়েলিটি শো

বিচারকের আসনে সাবিনা, রিজিয়া ও কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) সাবিনা ইয়াসমীন, রিজিয়া পারভীন ও কনকচাঁপা। ছবি: সংগৃহীত

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

১২ মে থেকে অনলাইনে শুরু হয়েছে ‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহীরা ৫০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল আয়োজন, যা প্রচার হবে জি টিভিতে। সব রাউন্ড শেষে চ্যাম্পিয়ন পাবেন ট্রফি, ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও রেকর্ড করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা আড়ালে ঠেলে দেন। বঁধুয়ার গান শুধু একটি গানের লড়াই নয়; এটি বিবাহিত নারীদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প। বিবাহিত জীবনে প্রবেশের পর অনেক নারীর স্বপ্ন, প্রতিভা এবং শিল্পীসত্তা নীরবে হারিয়ে যায়। বঁধুয়ার গান সেই নীরব কণ্ঠকে আবার মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস। সংগীতের মাধ্যমে আত্মবিশ্বাস ও পরিচয়ের পুনর্জাগরণ ঘটানো, নিজের স্বপ্নকে নতুনভাবে শুরু করার একটি অধ্যায়। এখানে প্রতিটি নারীই একজন শিল্পী, প্রতিটি কণ্ঠই একটি গল্প, প্রতিটি গানই একটি নতুন জীবন।

বঁধুয়ার গান রিয়েলিটি শোর খবর জানিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

রিজিয়া পারভীন বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

১৫ মে কেআইবিতে ৮ ব্যান্ডের রক কনসার্ট

সংগীত: ঈদ উপলক্ষে কনা-অমির ‘আমপাতা জোড়া জোড়া’

গানে ও গল্পে নেমেসিসের ২৫ বছর

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে রুমি ও দোলার অভিনয়

কনসার্টে প্রথম অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ড অড সিগনেচার

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস