ঠাকুরগাঁও সদর উপজেলায় বাড়িতে মাদক মজুত রেখে বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিরা হলেন পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী (৪১) ও তাঁর স্ত্রী মোছা. জেসমিন খাতুন (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোরবান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। তাঁদের আধা পাকা ঘর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ, ১৩ বোতল এমকেডিলসহ ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই দম্পতিকে আটক করা হয়।
র্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী আজকের পত্রিকাকে বলেন, আটক দুই ব্যক্তি পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।