সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোজ্যতেল ও ডাল মিলে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল ও মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স মওলা বক্স ডাল মিল এবং মেসার্স ছালাম ওয়েল মিল। এর মধ্যে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো. জিহাদকে ১০ হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ. ছালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে পণ্যের মোড়কে বাধ্যতামূলক লেবেল ও মূল্যতালিকা না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। এ সময় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, র্যাব এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।