সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার প্রায় ৭০ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন। আজ রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করবেন।
এসআরবি ফোর্স-১২-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফারজানা শারমীনের।
জানা গেছে, একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং বিভিন্ন সময়ে চরমপন্থীদের আত্মসমর্পণের ফলে এসব এলাকায় অপরাধমূলক তৎপরতা অনেকটাই কমে এসেছে। ইতিমধ্যে চরমপন্থী সংগঠনের অনেক সদস্য স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
এরই ধারাবাহিকতায় এবার তিন জেলার আরও প্রায় ৭০ জন চরমপন্থী ও সর্বহারা সদস্য আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও যুগ্ম সচিব শাহানা আখতার জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত আইজিপি মো. আতিকুর রহমান মিয়া।