হোম > সারা দেশ > সাতক্ষীরা

কলেজশিক্ষক ও শিশুকন্যার ওপর হামলা-ছিনতাই, অভিযুক্তকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

হিরন্ময় মন্ডল (৪৫) ও তাঁর শিশুকন্যা নিশিতা মন্ডল (৬)। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলায় এক কলেজশিক্ষক ও তাঁর শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপির নেতারা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের কৃষ্ণনগর-গাছা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডল (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে নাতাশা মন্ডলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

হিরন্ময় মন্ডল উপজেলার মাগুরা আইডিয়াল কলেজের শিক্ষক এবং মাদরা গ্রামের হরিপদ মন্ডলের ছেলে। ভুক্তভোগী ব্যক্তির ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম সজীব সরদার (৩২)। তিনি খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে।

ভুক্তভোগী হিরন্ময় মন্ডল জানান, সকালে মেয়ের পাসপোর্টের কাজে মোটরসাইকেলে করে সাতক্ষীরার উদ্দেশে রওনা হলে দলুয়া জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে সজীব তাঁর মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করেন। তিনি গতি বাড়িয়ে চলে যেতে চাইলে আরেকটি মোটরসাইকেলে পিছু নিয়ে সজীব শিশুকন্যার হাত টেনে ধরেন এবং তার মাথায় আঘাত করেন। পরে কৃষ্ণনগর-গাছা ব্রিজ তাঁকে থামিয়ে মারধর করা হয় এবং তল্লাশি চালিয়ে এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

হিরন্ময় মন্ডল আরও জানান, অভিযুক্ত যুবক এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। এর আগেও নেশার টাকার জন্য ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন। তবে এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনের সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি।

খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বিলান এলাকার একটি দুর্গম স্থান থেকে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তিনি বলেন, ‘ইউনিয়নের কেউ অপরাধে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি।’

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার বলেন, ‘একজন শিক্ষক ও শিশুর ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুন্দরবনে টহল চলাকালে জলদস্যু সন্দেহে গুলিবর্ষণ, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত

জমি দখলের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, আইনি ব্যবস্থার সুপারিশ

সুন্দরবনে মধু সংগ্রহের অভিযোগ, ৭ মৌয়াল আটক

মুক্তিপণ দিয়ে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন শ্যামনগরের ৬ জেলে

চলাচলের অযোগ্য সাতক্ষীরা সীমান্তবর্তী শাখরা-কোমরপুর ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

ঢাকায় পাচারের পথে খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

৯৯৯-এ কল পেয়ে ৭ হাজার লিটার পেট্রলসহ লরি জব্দ, আটক ৪

১৫ দিনেই উঠে যাচ্ছে ১০ লাখ টাকার রাস্তার টাইলস

সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ