রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ঋণ জাতি কখনো ভুলবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করবে। তিনি আরও বলেন, ‘আবু সাঈদের সমাধিস্থল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন আমরা তাঁদের স্মরণে রাখব। শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে আমরা কাজ করে যাব।’
এ সময় তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের বিচার প্রসঙ্গে বলেন, শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ছাত্রদল রাজপথে থাকবে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, বিএনপি সরকার দ্রুততম সময়ে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করবে।