রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নির্ভর করবে।
শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ‘বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই হবে।’
এ সময় বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমিরের উদ্দেশে রাশেদ খান বলেন, তাঁর মতে, আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়ে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের কাছে জামায়াতের আমিরের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত শেষে রাশেদ খান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।