হোম > সারা দেশ > রংপুর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

দিনাজপুর প্রতিনিধি

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আঞ্চলিক সাংগঠনিক সভায় বক্তব্য দেন সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জনগণের সামনে এটি এখন স্পষ্ট যে বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির চার জেলার সাংগঠনিক নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত আঞ্চলিক সাংগঠনিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ৭০ শতাংশের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করেছে। নির্বাচনের আগে সরকার একধরনের প্রতিশ্রুতি দিয়েছে, আর নির্বাচনের পরে ভিন্ন অবস্থান নিয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার রক্ষা করেনি।

শ্রমিকদের দাবি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাঁদের আস্থায় নিতে হবে সরকারকে। কিন্তু সরকার এখনো শ্রমিকদের আস্থা অর্জন করতে পারেনি। কারণ, সরকারের মৌখিক প্রতিশ্রুতি শ্রমিকেরা বিশ্বাস করতে পারছেন না।

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি অজুহাতের সরকার।’ আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি—এ অজুহাতে দেশে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অথচ প্রতিবেশী কলকাতার বাজারে প্রায় অর্ধেক দামে গ্যাস বিক্রি হচ্ছে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক কমিটির প্রধান সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন। এ ছাড়া দলের যুগ্ম আহ্বায়ক ও উত্তরাঞ্চলের সাংগঠনিক নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সভায় দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতা-কর্মী ও সমন্বয়কেরা অংশ নেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‘এত ঋণ কীভাবে শোধ করিমো, মেয়ের স্বর্ণই-বা কীভাবে দিমো’

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

বেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ভুয়া কাবিননামায় যৌতুকের মামলা, বাদী নারীর ৭ দিনের কারাদণ্ড

নাশতার প্রলোভনে বাক্প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্ত গ্রেপ্তার

নামে মার্কেট, বসে মাদকের আসর

গুলিবিদ্ধ হয়েও বেঁচেছিলেন জুলাইয়ে, ডেঙ্গুতে নিভল বেরোবি শিক্ষার্থী চন্দনের প্রাণ

কলেজে ৯ শিক্ষক, তবুও অকৃতকার্য একমাত্র শিক্ষার্থী

পীরগঞ্জ গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ৬, শিক্ষক-কর্মচারী ১১ জন