রংপুর নগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে নগরীর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় ঠিকাদার ছিলেন। কেল্লাবন্দ তাঁর স্থায়ী ঠিকানা হলেও তিনি নিউ আদর্শপাড়া এলাকায় বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান।
পুলিশ জানায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। পথে হঠাৎ তাঁর মোটরসাইকেলটি সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা খেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে পড়ে যান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।