মসজিদ নির্মাণের অর্থাভাব দূর করতে কারও সাহায্যের অপেক্ষায় না থেকে অনন্য এক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড় সদর উপজেলার বদলুপাড়া গ্রামের মানুষেরা। নিজেদের শ্রম বিক্রি করে প্রাপ্ত অর্থ নতুন মসজিদ নির্মাণ তহবিলে জমা দিতে খেতের ধান কাটার কাজে নেমেছেন গ্রামের প্রায় ৭০ জন বাসিন্দা।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বদলুপাড়া গ্রামে গত কয়েকদিন ধরে দলবদ্ধভাবে কাস্তে হাতে মাঠে মাঠে কাজ করতে দেখা যাচ্ছে স্থানীয় নানা বয়সী মানুষদের।
স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগে কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এর থেকে প্রাপ্ত পুরো মজুরিই জমা হচ্ছে স্থানীয় শতবর্ষী মসজিদটির নির্মাণ তহবিলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বদলুপাড়া গ্রামের এই মসজিদটি প্রায় ১০০ বছর ধরে এলাকার মানুষের নামাজের প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিনের পুরোনো অবকাঠামো জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে নতুন ভবনের নির্মাণকাজ চলমান থাকলেও প্রয়োজনীয় অর্থের অভাবে থমকে আছে। যার ফলে সাময়িকভাবে একটি অস্থায়ী স্থানে নামাজ আদায় করছেন স্থানীয় মুসল্লিরা।
উদ্যোগটির বিষয়ে স্থানীয় বাসিন্দা মজির উদ্দীন বলেন, ‘মসজিদটি আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য এবং এর সঙ্গে গ্রামের প্রতিটি মানুষের আবেগ জড়িয়ে আছে। নির্মাণকাজ এগিয়ে নিতে অর্থের প্রয়োজন হওয়ায় আমরা নিজেরাই ধান কাটার সিদ্ধান্ত নিই। চুক্তিতে ধান কেটে ও বাড়িতে পৌঁছে দিয়ে যে টাকা পাব, তা সরাসরি মসজিদের তহবিলে জমা দেওয়া হবে।’
এই কার্যক্রমে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই পেশাদার কৃষি শ্রমিক নন। গ্রামের আবেগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
ধান কাটায় অংশ নেওয়া সাজু ইসলাম নামে এক গ্রামবাসী বলেন, ‘আমাদের মধ্যে অনেকের পক্ষেই হয়তো এককালীন বড় অঙ্কের অর্থ দান করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই মিলে শ্রম দিলে একটা বড় তহবিল তৈরি করা সম্ভব। সেই চিন্তা থেকেই সবাই মাঠে নেমেছি।’
আরেক গ্রামবাসী আব্দুর রাজ্জাক জানান, নিজেদের শ্রমের অর্থ দিয়ে কাজ কিছুটা এগোলেও পুরো নির্মাণ শেষ করতে বিপুল অঙ্কের টাকার প্রয়োজন। তাই গ্রামের নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও পাশে চান।
মসজিদ পরিচালনা কমিটির নেতাদের তথ্যমতে, নতুন ভবনের অবশিষ্ট নির্মাণকাজ শেষ করতে এখনও মোটা অঙ্কের অর্থ প্রয়োজন। এ অবস্থায় নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে দেশ ও বিদেশে অবস্থানরত বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।