হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিন। ভুক্তভোগী মমিনুর রহমান সদর উপজেলার পঞ্জপুকুর ইউনিয়নের জামতলা এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন পঞ্চপুকুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুমন রানা (৩১), সুমন রানার স্ত্রী মনুফা বেগম (২৮), মো. জাহিদুল হক (৫৫) ও তাঁর ছেলে নিপ্পন হক (২৬)।

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে অভিযুক্তরা তাঁদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখেন। এতে মমিনুর রহমানের বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে যায়। পরে মমিনুর রহমান সুমন রানাকে ঢাকনা বন্ধ করতে বললে দুজনের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন রানাসহ অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে মমিনুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মমিনুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মমিনুর রহমানের ছেলে মিলন মিয়া বলেন, আমার বাবা একজন প্রতিবন্ধী ব্যক্তি। তাঁরা টয়লেটের ঢাকনা খুলে দিলে আমরা গন্ধে থাকতে পারি না। আমার বাবা সেটি বন্ধ করতে বলায় তাঁরা আমার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এজাহার পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।