নেত্রকোনার মোহনগঞ্জে ট্রান্সফরমার চুরির অভিযোগে আল আমিন ওরফে দিপু (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেলে উপজেলার নগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক দিপু টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ জুলাই রাতে উপজেলার উত্তর জগদীশপুর এলাকার একটি সেচ সংযোগের তিনটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়। চুরি হওয়া যন্ত্রাংশগুলোর মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। বিষয়টি পল্লী বিদ্যুতের কর্মকর্তারা মৌখিকভাবে পুলিশকে জানান। এরপর অভিযান শুরু করে পুলিশ। এদিকে চোর চক্রের সদস্যরা ট্রান্সফরমারগুলো চুরি করে পার্শ্ববর্তী কোনো একটি গ্রামে লুকিয়ে রাখে। পরে গতকাল বিকেলে যন্ত্রাংশগুলো আনতে যান আল আমিন। খবর পেয়ে নগর এলাকায় গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন পল্লী বিদ্যুতের মোহনগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ঝিমটি অভিযোগকেন্দ্রের লাইন টেকনিশিয়ান ইনচার্জ মো. ওবাইদুল্লাহ ইকবাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ‘আল আমিনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলমান রয়েছে।’