হোম > সারা দেশ > নাটোর

রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি

সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব, আর আপনারা সেটি নষ্ট করবেন—তা হতে দেওয়া হবে না।

আজ বুধবার দুপুরে নাটোরের লালপুরে বাইপাস সড়ক ও আড়বাব গ্রামে ছয়শ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, লালপুর উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

লালপুর উপজেলা প্রকৌশলী মো. আওলাদ হোসেন জানান, ছয় রাস্তার মোড় এলাকায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্যের এবং আড়বাব ইউনিয়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।