নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তিনি লাল রঙের একটি পাঞ্জাবি পরিহিত ছিলেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা-খানাবাড়ি এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে মরদেহ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।