হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

আজ সকালে মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ছবি: আজকের পত্রিকা

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। স্টলগুলো ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ছবি: আজকের পত্রিকা

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎসাশ্রয়ী একটি সেন্সরভিত্তিক যন্ত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ‘বর্তমানে দেশে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের উদ্ভাবিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে। সরকারি সহযোগিতা পেলে এটি বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ভান্ডারপুর উচ্চবিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাতেমা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্টের মডেল উপস্থাপন করেন। তাঁর ভাষ্য, ‘বর্তমান সময়ে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্ভাবন। যথাযথ সহায়তা পেলে এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।’

আয়োজকেরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন উদ্ভাবনে উৎসাহ দেওয়া। আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত, সড়ক অবরোধ

বাবা-ছেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ছেলে নিহত, বাবা আহত

রাণীনগরে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাতে ছিনতাই, আহত ২

নওগাঁয় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত