হোম > সারা দেশ > নওগাঁ

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের প্রবাসী যুবক আলমগীর হোসেন (৪৫) লিবিয়ায় অপহৃত হওয়ার আড়াই মাস পর তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে বলে পরিবার দাবি করেছে। পরিবারের ভাষ্য, গত ২৮ মার্চ সন্ধ্যার পর ত্রিপোলিতে কর্মস্থল থেকে পুলিশের পোশাক পরিহিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

আলমগীর হোসেন উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মৃত দিদার বক্স খাঁনের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লিবিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত আলমগীরের ভাই লিবিয়াপ্রবাসী জিল্লুর রহমান জানান, আলমগীর হোসেন ত্রিপোলির তাজুয়ারা ডিসি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ মার্চ মাগরিবের নামাজের পর কর্তব্যরত অবস্থায় পুলিশের পোশাকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মাইক্রোবাসে করে তাঁকে অপহরণ করে নিয়ে যায়।

জিল্লুর রহমান বলেন, আলমগীরকে উদ্ধারের জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি। সন্ত্রাসীদের ওই আস্তানায় আরও ৩১ বাংলাদেশিকে জিম্মি করে রাখা হয়েছিল।

জিল্লুর রহমানের ভাষ্য, ওই আস্তানা থেকে মুক্তিপণ দিয়ে পাঁচজন মুক্তি পান। আলমগীরের কাছেও ২৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকার করায় অন্তত এক মাস আগে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে গতকাল দূতাবাসের মাধ্যমে উদ্ধার হওয়া জিম্মিদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তাঁদের মোবাইলে ধারণ করা ছবি দেখে সেটি আলমগীর হোসেন বলে নিশ্চিত হন তাঁরা।

আলমগীরের মরদেহ উদ্ধার ও দেশে পাঠানোর জন্য দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানান জিল্লুর রহমান।

নিহত আলমগীরের স্ত্রী শাহিনা আক্তার বলেন, ‘আমার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২৮ মার্চ কাজে যাওয়ার আগে তাঁর সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়েছিল। এর পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। কোনো সন্ত্রাসী গোষ্ঠী আমাদের কাছে মুক্তিপণও দাবি করেনি। গতকাল রাতে তাঁর মৃত্যুর সংবাদ পেয়েছি।’

শাহিনা আক্তার প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বামীর মরদেহ দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

আলমগীর হোসেনের মৃত্যুর খবরে নুরুল্লাবাদ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং বাংলাদেশ দূতাবাসের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম