হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. হাসান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান কুসুমপুর আজিজিয়া মাখজানুল উলুম এতিমখানা মাদ্রাসার হেফজ বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ঢাকার উত্তরা এলাকার মো. বাবুল শেখ।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসাসংলগ্ন পুকুরে গোসল করতে নামে হাসান। গোসল শেষে অন্য সহপাঠীরা উঠে এলেও হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সহপাঠী ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে দুপুর ১টার দিকে পুকুর থেকে হাসানকে নিথর অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন বলেন, ‘দুপুর ১টার দিকে পানিতে ডোবা শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ জানান, বিদ্যুৎ না থাকায় সময়মতো ট্যাংকে পানি তোলা সম্ভব হয়নি। এ কারণে শিক্ষার্থীরা গোসল করতে মাদ্রাসাসংলগ্ন পুকুরে যায়। পরে হাসানকে খুঁজে না পেয়ে সহপাঠী ও মাদ্রাসার লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

হাসানের স্বজনেরা মাদ্রাসায় এসে পৌঁছালে তাঁদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।