হোম > সারা দেশ > মুন্সিগঞ্জ

রাষ্ট্রকাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে এনসিপির মতবিনিময় সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রকাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও শেখ হাসিনার অনুসৃত পথেই হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, রাষ্ট্র পরিচালনার চালক বদলালেও স্বৈরতান্ত্রিক কাঠামো ও মেশিন বদলায়নি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি রাষ্ট্রকাঠামোর পরিবর্তন না করি, সংস্কার না করি, তাহলে তারেক রহমান তো সেই দিকেই যাবেন এবং তিনি সেই দিকেই যাচ্ছেন।’

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) আমলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও সরকারি কর্ম কমিশন দলীয়করণ করা হয়েছিল বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, এসব প্রতিষ্ঠানে এখনো দলীয়করণের চর্চা চলছে। এমনকি বিরোধী দলের আসনগুলোতেও দলীয়করণ করা হচ্ছে।

সংবিধান পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা না হলে বর্তমান সরকার আগের সংসদগুলোর ধারাবাহিকতা হিসেবেই থেকে যাবে।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে ডিসেম্বরে আসার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমি দেখি না।’

আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে কথিত তৎপরতাকে শুধু দলটির রাজনৈতিক তৎপরতা হিসেবে দেখলে ভুল হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগ বর্তমানে যে দেশে অবস্থান করছে, সেই দেশের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিষয়টি দেখতে হবে।

ভারত বাংলাদেশকে নানামুখী চাপে ফেলতে আওয়ামী লীগকে দিয়ে এ ধরনের তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আধিপত্যবাদী শক্তিকে কীভাবে মোকাবিলা করা হবে।

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো দলকে বিবেচনায় না নিয়ে বাংলাদেশের পক্ষে কারা এবং বিপক্ষে কারা, তা দেখার আহ্বান জানান নাহিদ ইসলাম।

মতবিনিময় সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মুন্সিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্যসচিব মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরে রেলিং ভেঙে বাস খাদে: পরিচয় মিলল নিহত তিনজনের

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

টঙ্গিবাড়ীতে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার

স্কুলশিক্ষককে মিথ্যা মামলায় ফাঁসালেন বিএনপি নেতা

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধসহ আহত ৩

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শ্রীনগরে ভোরে বসতঘরে আগুন, পুড়ে ছাই আসবাব

গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত বন্ধু

টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ভরাট: দুজনকে জরিমানা