হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে সোহেল হত্যার রহস্য উদ্‌ঘাটন, স্ত্রীর সাবেক স্বামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

নিহত সোহেল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে তারা। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূপুরের সাবেক স্বামী মো. দ্বীন ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার বলেন, আজ সকাল ৬টার দিকে জেলার টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ গ্রাম থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শামসুল হক ঢালী ওরফে সানু ঢালীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দ্বীন ইসলাম নিহত সোহেল মুন্সীর স্ত্রী নূপুরের সাবেক স্বামী। পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ সুপার আরও বলেন, ১৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে সোহেল মুন্সীর নিজ বাড়ির উঠানে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী দ্বীন ইসলামসহ কয়েকজন সোহেলের বাড়িতে প্রবেশ করে প্রথমে উঠানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে সোহেল ঘর থেকে বাইরে বের হলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয় তাঁর ওপর। এরপর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনার পর নিহত ব্যক্তির মা সেফালী বেগম বাদী হয়ে লৌহজং থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগের মামলা দায়ের করেন।

মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে লৌহজং থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সম্পৃক্ত আলামত হিসেবে একটি নেভি ব্লু ফুলহাতা শার্ট, একটি প্যান্ট, এক জোড়া সাদা কেডস, একটি লাল গামছা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

টঙ্গিবাড়ীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা: সড়ক পরিবহনমন্ত্রী

আমরা সামগ্রিকভাবে কাজ করছি, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়: মির্জা ফখরুল

ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সিগঞ্জে শতবর্ষী নয়নের খাল পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, উদ্ধারে বরাদ্দ ও উচ্ছেদের ঘোষণা

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ট্রাক জব্দ

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

সিরাজদিখানে স্বপ্নলোক হাউজিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মানববন্ধন

সিরাজদিখানে মাইক্রোবাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০