হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাদকের টাকা না পেয়ে মারুফ (৪০) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ কিছুদিন আগে তাঁর মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা না পেয়ে তিনি বাড়িতে ভাঙচুর চালান। এ ঘটনায় তাঁর মা থানায় অভিযোগ করেন। এর পর থেকে মারুফ বাড়িতে আসা-যাওয়া কমিয়ে দেন।

আজ সকালে গ্রামের লোকজন প্রফুল্ল দাসের বাড়ির একটি আমগাছের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় মারুফের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।