মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের সময় নূর মোহাম্মদ (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের মো. সাইদুলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, নিচতলা বাড়ির একটি বাথরুমে গোসল করছিলেন ওই কলেজছাত্রী। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় নূর মোহাম্মদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।