হোম > সারা দেশ > মৌলভীবাজার

সূর্যের তাপ বাড়লেও হাওরে ধান পাওয়ার আশা নেই কৃষকের

মাহিদুল ইসলাম, মৌলভীবাজার

প্রচুর শ্রম আর ঘামের ফসল যতটুকু সম্ভব ঘরে তোলার চেষ্টা কৃষকের। ছবি: আজকের পত্রিকা

দুই দিন ধরে মৌলভীবাজারের আকাশে রোদের ঝিলিক। তাই একটা মুহূর্ত আর নষ্ট না করে কৃষক তড়িঘড়ি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন টানা বৃষ্টিতে প্রায় পচে যাওয়া কাটা ধান। তবে হাওরে যেসব ধান পানিতে ডুবে গেছে, সেগুলো আর ঘরে তোলার সুযোগ নেই কৃষকের। হাওরের বাইরের এলাকা থেকে পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ধান কিছুটা হলেও কাটা যাচ্ছে।

হাওর এলাকার কৃষকেরা জানান, সূর্যের তাপ বাড়ায় অনেক কৃষক কাটা ধান শুকাচ্ছেন। নয়তো এই ধানও পচে যেত। যেসব ধান পানির নিচে তলিয়ে আছে, তা আর কখনো পাওয়া যাবে না। কারণ, হাওর অনেকটাই পানিতে টইটুম্বুর। অনেক কষ্ট করে ধান চাষ করে ঘরে তুলতে না পারার আক্ষেপে বেশির ভাগ কৃষকের ঘুম হারাম হয়ে গেছে। একদিকে ঘরে খাদ্য নেই, অন্যদিকে ফসল হারিয়ে ঋণের চাপ। সব মিলিয়ে বড় অসহায় হয়ে পড়েছেন জেলার ৩০-৩৫ হাজার কৃষক।

সরেজমিন দেখা যায়, জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর, কেওলার হাওরসহ বিস্তীর্ণ এলাকায় বোরো ধান নিমজ্জিত রয়েছে। পানি কিছুটা নামতে শুরু করায় কিছু কিছু এলাকায় ধান ভাসতে শুরু করেছে। তবে বেশির ভাগ ধানই নষ্ট হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘জেলায় ৩ হাজার ৬০০ হেক্টর জমির ধান পচে নষ্ট হয়েছে। ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পাবে। প্রায় ২০ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের কিছু ধান আর কাটা সম্ভব হবে না।’

প্রচুর শ্রম আর ঘামের ফসল যতটুকু সম্ভব ঘরে তোলার চেষ্টা কৃষকের। ছবি: আজকের পত্রিকা

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে কৃষকেরা বলেন, জেলায় অন্তত ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমির পাকা বোরো ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হাওর থেকে এই ধান কখনো তোলা সম্ভব নয়। কৃষকের এত ক্ষতি হয়েছে, কিন্তু পাশে কেউ দাঁড়ায়নি। হাওরের পর হাওর তলিয়ে গেছে, তবুও কৃষি অফিস ক্ষয়ক্ষতির সঠিক তথ্য উপস্থাপন করছে না। তাঁরা সব সময় প্রকৃত ক্ষতির পরিমাণ এড়িয়ে যায়। হাওরের ৫০ শতাংশ কৃষক ধান কাটতে পারেননি। অথচ কৃষি অফিস থেকে বলা হচ্ছে ৮৮ শতাংশ ধান কাটা হয়েছে হাওরে।

কেওলার হাওরের কৃষক মামুন আহমদ বলেন, ‘কমলগঞ্জের এই হাওরে আমার তিন একর ধানসহ প্রায় পাঁচ শতাধিক কৃষকের ধান আট দিন ধরে পানির নিচে। পানি কমে যাচ্ছে আর পচা ধান দৃশ্যমান হচ্ছে। কৃষকের এত ক্ষতি হয়েছে, যা বলে বোঝানো সম্ভব নয়।’

কাউয়াদীঘি হাওরের কৃষক লিপন মিয়া বলেন, ‘পাঁচ একর জমির মাঝে মাত্র এক একর জমির ধান কেটেছি। বাকি জমির ধান পানিতে তলিয়ে গেছে। দুই দিন ধরে রোদ থাকায় আধা পাকা কাটা ধান শুকানো যাচ্ছে কিছুটা।’

ধান কাটার সময় অসুস্থ হয়ে হাওরে ডুবে শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

সাবেক স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষের চেষ্টা, সহযোগীসহ কারাগারে নারী

চা-বাগানের নারী শ্রমিকেরা মজুরি-বৈষম্যের শিকার, অধিকার বাস্তবায়নের দাবি

মৌলভীবাজার: বিদ্যুতের অভাবে চায়ে লোকসানের শঙ্কা

মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করেছে

মৌলভীবাজারে হাজারো পরিবার পানিবন্দী, প্রস্তুত ১১৫ আশ্রয়কেন্দ্র

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে বিদ্যুৎ বিপর্যয়, ৩৫ হাজার গ্রাহক অন্ধকারে

বড়লেখায় ডাকাতের গুলিতে প্রাণ গেল অন্য ডাকাতের

মৌলভীবাজারে বৃষ্টি ও ঢলে পানিবন্দী ৫ শতাধিক পরিবার